অনলাইন ডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতায় পড়েছিলেন অভিনেতা জাহের আলভী। এ কারণে দীর্ঘ সাত মাস ছিলেন অভিনয়ের বাইরে। এবার নাটকের শুটিংয়ে ফিরছেন আলোচিত এই অভিনেতা।
সম্প্রতি ক্যামেরার সামনে ফেরার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলভী। নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্যামেরা – স্বাগতম তোমার রাজ্যে!’
সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে তিনি অংশ নিয়েছেন বলে জানা গেছে। শুটিং সেটে কলাকুশলীদের নিয়ে কেক কেটে প্রত্যাবর্তন উদ্যাপন করেন এই অভিনেতা। নাটকটিতে তার বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
আইনি জটিলতার পর প্রত্যাবর্তন
গত ফেব্রুয়ারি মাসে নাটকের শুটিংয়ে নেপালে থাকাকালে স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান জাহের আলভী। ইকরার পরিবারের অভিযোগের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হলে দীর্ঘ আইনি লড়াই, জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় তাকে।
গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর অভিনয়ে ফিরলেন এই অভিনেতা।

