অনলাইন ডেস্ক: জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকবে নাকি হাদি হত্যার বিচারকে বাধাগ্রস্ত করার পক্ষ নেবে—তা ১৮ ডিসেম্বরের সিদ্ধান্তে বোঝা যাবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর কারমাইকেল কলেজসংলগ্ন লালবাগ মোড়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, ১৮ ডিসেম্বর তাদের ডেডলাইন। ওই দিন শাহবাগে জনগণকে নিয়ে সমবেত হবে ইনকিলাব মঞ্চ। জনগণ সেদিন সিদ্ধান্ত নেবে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আছে নাকি শহীদ ওসমান হাদি হত্যার বিচার বাধাগ্রস্ত করার পক্ষে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ুক। তবে ১৮ ডিসেম্বরের পর হাদি হত্যার বিচারের দাবিতে আর রাস্তায় নামতে চান না তারা। দায়ীদের কোন প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে, সেটি বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
কূটনীতি বা ডিপ্লোমেসির কথা বলে যারা হাদি হত্যার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করেন তিনি।
আবদুল্লাহ আল জাবের আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও কার্যত পরাধীন। তার দাবি, দেশের রাষ্ট্রব্যবস্থা দিল্লির প্রেসক্রিপশনে চলছে এবং সীমান্তে মানুষ হত্যা নিয়ে সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে না।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছর পর ক্ষমতায় এসেও সরকারের হুঁশ ফেরেনি। খুন, গুম ও চাঁদাবাজি দূর করার জন্য গণঅভ্যুত্থান হয়েছে; সরকারকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হলে সাধারণ মানুষকে নিয়ে আবার সংসদ ভবনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ‘হু ইজ হাদি’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জাবের বলেন, হাদি দেশের আজাদি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ভবিষ্যতে তাকে নিয়ে কটূক্তি করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ‘মোক্ষম জবাব’ দেওয়া হবে বলেও জানান তিনি।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয়সহ সংগঠনটির নেতারা ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এর আগে কলেজ রোড চারতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লালবাগ ও কারমাইকেল কলেজ প্রদক্ষিণ করে লালবাগে শেষ হয়।
ইনকিলাব মঞ্চ গত ৭ অক্টোবর তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করে। ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার।

