অনলাইন ডেস্ক: শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর আলো-বাতাসে বিচরণ করে অবশেষে চিরবিদায় নিলেন ১২৩ বছর বয়সেও চশমা ছাড়া কুরআন পড়া সেই আব্বাস প্রামাণিক। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
আব্বাস প্রামাণিকের নাতি রিপন হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার হঠাৎ আব্বাস প্রামাণিকের শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। বিষয়টি খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে চিকিৎসাসেবা দেন। তবে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
প্রবীণ সেবাকেন্দ্রের খুবজিপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানান, আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আব্বাস প্রামাণিকের জন্ম ১৯০৩ সালে। সে হিসাবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৩ বছর। তিনি দেশের প্রবীণতম ব্যক্তিদের একজন ছিলেন।
কর্মজীবনে আব্বাস প্রামাণিক খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ৬০ টাকা বেতনে চাকরির পাশাপাশি তিনি এলাকার শিশুদের বিনামূল্যে কুরআন শিক্ষা দিতেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের একজন ছিলেন এবং উপজেলা প্রশাসন সব সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখত। তার মৃত্যুর খবরটি কষ্টদায়ক বলেও জানান তিনি।

