অনলাইন ডেস্ক: পোকা দেখলে বিরক্ত হয়ে দূরে সরিয়ে দেন অনেকেই। অথচ সেই পোকাই এখন পাবনার শিমুল হোসেনের ঘুরে দাঁড়ানোর গল্পের কেন্দ্রবিন্দু। চাকরি ছেড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে হাঁসের খামার করেছিলেন তিনি। কিন্তু রোগে একের পর এক হাঁস মারা যাওয়ায় কয়েক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হন। দেনার বোঝায় থমকে যায় তার পথচলা।
ঠিক সেই সময় ইউটিউবের একটি ভিডিও তার চিন্তাধারা বদলে দেয়। পরিচিত হন ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ বা কালো পোকা চাষের সঙ্গে। প্রথমে ছোট পরিসরে কাজ শুরু করলেও পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে উৎপাদন বাড়ান তিনি। বর্তমানে তার পাঁচটি পোকা চাষের খামার রয়েছে এবং মাসে প্রায় দুই লক্ষাধিক টাকা আয় করছেন। তার উদ্যোগে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানও হয়েছে।
পাবনার আটঘরিয়া উপজেলার পারসিধাই গ্রামের মোজাহার আলী প্রামানিকের ছেলে শিমুল হোসেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিপ্লোমা পাস করেছেন। ছয় বছর আগে তিনি খামার শুরু করেন। এর আগে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে তার খামারে ১৭ জন কর্মচারী কাজ করছেন।
হাঁসের খামারে লোকসানের পর নতুন উদ্যোগ
চাকরি ছেড়ে নিজের কিছু করার ইচ্ছা থেকে শিমুল হাঁসের খামার গড়ে তুলেছিলেন। তবে খামারে রোগ ছড়িয়ে পড়ায় একের পর এক হাঁস মারা যায়। এতে তার বিনিয়োগ করা টাকা শেষ হয়ে যায় এবং বড় ধরনের লোকসানের মুখে পড়েন তিনি।
পরে অনলাইনে কৃষি ও খামারবিষয়ক ভিডিও দেখতে গিয়ে ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে জানতে পারেন শিমুল। এই পোকার লার্ভা প্রাণিখাদ্যে প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার করা যায়। পাশাপাশি খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন জৈব বর্জ্য খেয়েও লার্ভা বেড়ে ওঠে। বিষয়টি তাকে পোকা চাষে আগ্রহী করে তোলে।
ঝুঁকি নিয়ে নিজের জায়গায় ছোট পরিসরে পোকা চাষ শুরু করেন তিনি। প্রথম দিকে পরিবেশ নিয়ন্ত্রণ ও লার্ভা সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে তাকে শিখতে হয়েছে। বর্তমানে নিয়ন্ত্রিত পরিবেশে পাঁচটি খামারে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন করছেন। লার্ভা সংগ্রহ করে শুকিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। চাহিদা থাকায় উৎপাদনের পরপরই তা বিক্রি হয়ে যায় বলে জানান শিমুল।
শিমুল হোসেন জানান, হাঁসের খামারে লোকসানের পর তিনি ভেঙে পড়েছিলেন। ইউটিউব থেকে পোকা চাষ সম্পর্কে জানার পর অল্প পরিসরে কাজ শুরু করেন। পরে এর চাহিদা বুঝতে পেরে ধীরে ধীরে খামার বাড়ান।
তার ভাষ্য, তুলনামূলক কম জায়গা ও কম খরচে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করা সম্ভব হলেও সঠিক নিয়মে পরিচর্যা এবং পরিবেশ নিয়ন্ত্রণ জরুরি। শুরুতে মানুষ হাসাহাসি করত এবং পরিবারের সদস্যরাও বিষয়টি পছন্দ করতেন না। একপর্যায়ে তাকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
স্থানীয়দের কর্মসংস্থান
স্থানীয় কয়েকজনের মতে, এলাকায় আগে এ ধরনের উদ্যোগ তেমন দেখা যায়নি। শিমুলের খামারে কাজের সুযোগ তৈরি হওয়ায় কয়েকজন বেকার যুবকের আয় করার পথ হয়েছে। প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে পড়তে পারে বলে তারা মনে করেন।
শিমুলের বাবা মোজাহার আলী প্রামানিক বলেন, শুরুতে পোকা চাষকে তারা ভালোভাবে নেননি এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এখন খামারে অনেক শ্রমিক কাজ করায় ছেলের উদ্যোগ দেখে ভালো লাগে বলে জানান তিনি।
পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জহুরুল ইসলাম বলেন, ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা প্রাণিখাদ্যে প্রোটিনের একটি সম্ভাবনাময় উৎস। সঠিক পদ্ধতিতে চাষ করা গেলে এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ প্রাণিসম্পদ বিভাগের রয়েছে বলেও জানান তিনি।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোক্তা প্রয়োজন।

