Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্কে একজনের মৃত্যু, আহত ৫

শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্কে একজনের মৃত্যু, আহত ৫

অনলাইন ডেস্ক: মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর কুকুরের কামড়ে আহত হওয়ার পর টিকা নেওয়া সত্ত্বেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (১১ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল ইসলামের মৃত্যু হয়। তিনি উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের মৃত আলতাফ হোসেন শেখের ছেলে।

একই ঘটনায় আহত আরও পাঁচজন চিকিৎসা নেওয়ার পর জলাতঙ্কের টিকার ডোজ সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, গত ২৩ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর আমিরুল ইসলামের দিকে তেড়ে আসে। আত্মরক্ষার জন্য তিনি নিচু হয়ে পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তার কপালে কামড় দেয়। একই কুকুর এলাকার আরও কয়েকজনকে কামড় দেয়। আহতদের মধ্যে রয়েছেন মান্নান কাজী (৮০), সিনথিয়া (৭), জোবায়ের (৯), হযরত (২২) ও খয়রা বেগম (৬০)। পরে স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে মেরে ফেলেন।

আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে জলাতঙ্কের টিকা গ্রহণ করেন। আমিরুল ইসলামও টিকার ডোজ সম্পন্ন করেছিলেন। পরিবারের সদস্যরা জানান, ৪ অক্টোবর অসুস্থ বোধ করলে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, জলাতঙ্ক ভাইরাস সক্রিয় হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

শ্রীকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. কুলছুম খাতুন বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে ইউনিয়নের একজন বাসিন্দা মারা গেছেন এবং ছয় থেকে সাতজন আহত হয়েছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে কুকুরকে টিকা দেওয়া গুরুত্বপূর্ণ। তবে ভ্যাকসিনের সংকটে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান বলেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় বেওয়ারিশ কুকুর নিধন করা যাচ্ছে না। ভ্যাকসিন সরবরাহ পাওয়া গেলে টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আরএমও ডা. মো. মামুন-উর-রশীদ বলেন, কুকুরে কামড় দিলে ক্ষতস্থান দ্রুত অন্তত ৩০ মিনিট ক্ষারযুক্ত সাবান ও পানি দিয়ে ধুয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় টিকা নিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram