অনলাইন ডেস্ক: আরেকটি ব্যালন ডি’অর ঘোষণা যত ঘনিয়ে আসছে, ততই মর্যাদাপূর্ণ পুরস্কারের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে বিতর্কের কেন্দ্রে আসছেন। ব্যালন জয় নিয়ে নিজের অতিআগ্রহ ও অবস্থানের জন্য ফরাসি কিংবদন্তি জিন-পিয়েরি পাপিনের তোপের মুখে পড়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
১৯৯১ বিশ্বকাপজয়ী পাপিন এমবাপের প্রতিভা ও রেকর্ড নিয়ে প্রশ্ন তুলছেন না। তবে ব্যালন ডি’অর প্রসঙ্গে ফরাসি অধিনায়কের আত্মমগ্ন মনোভাব তিনি মেনে নিতে পারছেন না। পাপিনের মতে, এই পুরস্কার কোনো খেলোয়াড়ের নিজের সম্পর্কে ধারণার ভিত্তিতে দেওয়া হয় না; ভোটারদের নির্ধারিত বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতেই বিজয়ী নির্বাচন করা হয়।
ফরাসি পত্রিকা ‘ফুট মার্কাতো’কে পাপিন বলেন, এমবাপের অনেক রেকর্ড থাকলেও ব্যালন ডি’অর প্রসঙ্গ এলে তিনি শুধু ‘আমি, আমি, আমি’ হয়ে যান। অথচ পুরস্কারটি অন্যদের ভোটে নির্ধারিত হয়।
এমবাপের একটি মন্তব্যকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করে পাপিন বলেন, একপর্যায়ে এমবাপে নিজের চেয়ে অন্য কারও ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন। এই বক্তব্য তার কাছে অতিরিক্ত মনে হয়েছে বলে জানান তিনি।
পাপিনের মতে, ব্যালন ডি’অরের জন্য প্রয়োজনীয় অনেক গুণই এমবাপের মধ্যে আছে। তবে বাইরে নিজের যে প্রতিচ্ছবি তিনি তুলে ধরেছেন, সেটিই তার জন্য নেতিবাচক হয়ে দাঁড়াচ্ছে। পাপিনের পছন্দ, এবার পুরস্কারটি জিতুন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।
এর আগে ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন এ বছর ব্যালন ডি’অর জিততে পারেন। এটি তার অন্যতম ও স্বল্পমেয়াদি লক্ষ্য বলেও জানিয়েছিলেন তিনি। এমবাপের দাবি ছিল, এ বছর তার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিলেন না; বড় প্রতিযোগিতায় গোল করার বিষয়টিও তিনি নিজের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন।

