অনলাইন ডেস্ক: লাল বলের এনসিএলের প্রথম রাউন্ডে খেলেননি শেখ মেহেদী হাসান। তবে দ্বিতীয় রাউন্ডে ফিরেই খুলনা বিভাগের হয়ে বোলিং ভেলকি দেখান তিনি। পরে ব্যাট হাতেও সেঞ্চুরি করেন এই স্পিন অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে ৫ উইকেট ও শতরান করেছেন শেখ মেহেদী।
এই পারফরম্যান্সের পর খুলনা দলও ভালো অবস্থানে রয়েছে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মেহেদী টেস্ট ক্রিকেটকে নিজের স্বপ্ন হিসেবে উল্লেখ করেন। লাল বলের ক্রিকেটে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের অন্য ক্রিকেটারদের মতো তিনিও টেস্ট ক্রিকেটের জার্সি পরার অপেক্ষায় আছেন।
লাল বলের ক্রিকেটে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে শেখ মেহেদী সাকিব আল হাসানের উদাহরণ টানেন। পাঁচ উইকেট নেওয়া এবং ১০০ রান করা—দুটিই তাঁর ভালো লাগে বলে জানান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে এমন পারফরম্যান্স করতে দেখেছেন বলেও উল্লেখ করেন মেহেদী।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টির মাধ্যমে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শেখ মেহেদীর। পরে ওয়ানডেতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আট বছরের বেশি সময় পার হলেও এখনও টেস্ট খেলা হয়নি তাঁর।

