Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘লুঙ্গি প্যারেড’

যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘লুঙ্গি প্যারেড’

অনলাইন ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। সাধারণ মানুষের পরিধেয় লোকজ পোশাক লুঙ্গিকে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং পোশাককেন্দ্রিক সামাজিক ট্যাবু ও শ্রেণিবৈষম্য ভেঙে ফেলার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারের প্যারেডের মূল প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’.

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত কাম একাডেমিক ভবনের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্যারেডটি শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছা পরে এতে অংশ নেন। প্যারেডে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, পোশাক নয়, মানবিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধের মাধ্যমে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয়। তাঁর মতে, পোশাক সংস্কৃতির পরিচয় বহন করলেও তা কোনো মানুষের একক পরিচয় হতে পারে না। তিনি আয়োজনটির প্রশংসা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ইংরেজি বিভাগের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মরিয়ম জামিলা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিবুর রহমান, ড. ফারহানা ইয়াসমিন ও ড. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram