অনলাইন ডেস্ক: ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ওপেনার অভিষেক শর্মা বিশ্ব রেকর্ড গড়েছেন। ৩০ বলে ৬৯ রান করার পথে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রান করেছেন।
অভিষেক ১০২৪ বল খেলে দুই হাজার রানের মাইলফলকে পৌঁছান। এর মাধ্যমে ১১৬৪ বলে এই রেকর্ড গড়া সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে যান তিনি।
এই ম্যাচে মাত্র ১৮ বলে ফিফটি করেন অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। দুই হাজার রানে পৌঁছাতে তার প্রয়োজন ছিল ৩৩ রান। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দুই হাজার রান করা অন্য ব্যাটাররা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।
এক বছরে ৬৮ ছক্কা
চলতি বছর ৩২ ম্যাচে ২৯.৭০ গড় ও ২০৬.৫০ স্ট্রাইক রেটে ৯২১ রান করেছেন অভিষেক। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও আটটি ফিফটি। এ বছর ৬৮টি ছক্কা মেরেছেন তিনি, যা সূর্যকুমার যাদবের সঙ্গে এক পঞ্জিকাবর্ষে ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ।
এ নিয়ে সপ্তমবার কোনো টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ছয় ওভারে ৫০ রানের বেশি করেছেন অভিষেক। অন্য কোনো ব্যাটার দুইবারের বেশি এমন কীর্তি গড়তে পারেননি।

