Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অভিবাসন-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদার

অভিবাসন-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ এবং যুক্তরাজ্য অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং প্রতারণাপূর্ণ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে অসহায় মানুষদের শোষণকারী অপরাধী চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি নতুন কাঠামো গঠনে সম্মত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, নতুন কাঠামোর মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার একটি প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে। এর আওতায় নথি ও ভিসা জালিয়াতি, অনিয়মিত অভিবাসন-সংশ্লিষ্ট অপরাধসহ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ শনাক্ত, প্রতিহত ও মোকাবিলায় নিবিড়ভাবে কাজ করা হবে।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনিরাপদ ও অনিয়মিত অভিবাসনপথে লাভবান হওয়া অপরাধী চক্রের শোষণ থেকে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

চুক্তির আওতায় দুই দেশ তথ্য আদান-প্রদান ও কার্যক্রমগত সহযোগিতা বাড়াবে। অগ্রগতি পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য নিয়মিত বৈঠকও হবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে উঠেছে। তাঁর মতে, আর্থিক লাভের জন্য অভিবাসন প্রক্রিয়াকে ব্যবহার করে মানুষকে শোষণ করতে চাওয়া সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর হাত থেকে নাগরিকদের সুরক্ষায় দুই দেশের যৌথ দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ এই চুক্তি।

তিনি বলেন, নিবিড় সহযোগিতার মাধ্যমে দুই দেশ অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনে সহায়তা এবং প্রতারণা, শোষণ ও পাচার থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষার প্রচেষ্টা জোরদারে একসঙ্গে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram