Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সিলেটের ‘ওঝার গান’ পৌঁছাল টলিউডের সিনেমায়

সিলেটের ‘ওঝার গান’ পৌঁছাল টলিউডের সিনেমায়

অনলাইন ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এরই অংশ হিসেবে ৯ অক্টোবর প্রকাশ করা হয়েছে সিনেমার নতুন গান ‘বিলাই ম্যাও ম্যাও’।

গানটির মূল কারিগর বাংলাদেশের সিলেটের শিল্পী আনহার মিয়া। সিলেট অঞ্চলে কবিরাজ-বাউলেরা রোগী দেখার সময় বা বিষ নামানোর সময় যে ধরনের গান পরিবেশন করেন, স্থানীয় ভাষায় সেটিকে ‘ওঝার গান’ বা ‘বিষঝাড়ানি’ বলা হয়। সেই ধারার গানই এবার জায়গা পেয়েছে টলিউডের সিনেমায়।

আনহার মিয়া প্রায় তিন বছর আগে ‘বিলাই ম্যাও ম্যাও’ গানটি তৈরি করেন। এর কথা ও সুর তার। সংগীতায়োজন করেছেন বনি চক্রবর্তী ও সুদীপ্ত পাল। গানটিতে কণ্ঠ দিয়েছেন বনি চক্রবর্তী।

‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার প্রচারে গানটি বড় পরিসরে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ‘বিগ বস বাংলা’র অনুষ্ঠানে এই গানের তালে নেচেছেন সিনেমার নির্মাতা-অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি, অভিনেত্রী কৌশানি মুখার্জি ও সঞ্চালক সৌরভ গাঙ্গুলি।

আনহার মিয়ার দাবি, চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রযোজক অনন্যা রুমার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার কণ্ঠেও গানটি রেকর্ড করা হয়েছে। নির্মাতারা তাকে জানিয়েছেন, সেই সংস্করণ পরে প্রকাশ করা হবে।

আনহার মিয়া বলেন, প্রথমে তাকে না পেয়ে বনি চক্রবর্তী গানটিতে কণ্ঠ দেন। পরে যোগাযোগ হওয়ার পর তিনি ২৪ সেপ্টেম্বর কলকাতায় যান এবং ২৫ সেপ্টেম্বর গানটির রেকর্ডিং করেন। তার ভাষ্য, গানটি প্রকাশ না হলেও সিনেমার পরিচালক শিবপ্রসাদ মুখার্জির দেওয়া সম্মান, ভালোবাসা ও সম্মানীতে তিনি খুশি।

সিনেমাটিতে শিবপ্রসাদ ও কৌশানি মুখার্জির সঙ্গে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোহিনী সরকার, প্রদীপ ভট্টাচার্য, অপূর্ব বর, তিতিকশা দাস ও রজতাভ দত্তসহ অন্যরা। ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram