Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক: দূষণ নিয়ন্ত্রণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং বায়ুর মান উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘বায়ু দূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাহমুদা পারভিন সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের। আলোচক হিসেবে পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ টি এম নুরুল আমিন ও ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উপপরিচালক রাউফা খানম উপস্থিত ছিলেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। এতে বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের বলেন, বায়ুদূষণ রোধে সমস্যার প্রকৃতি সম্পর্কে আগে জানতে হবে। দেশীয় প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে বিদেশি প্রযুক্তির সঙ্গে সমন্বয়ের ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির প্রসারেও বাধা সৃষ্টি করছে। কয়লা ও জ্বালানি তেল পোড়ানোর ফলে বাতাসে ছড়ানো সূক্ষ্ম ধূলিকণা ও বিষাক্ত ধোঁয়া সোলার প্যানেলে স্তর তৈরি করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তার মতে, দূষণের কারণে সোলার প্রকল্পের রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে সর্বোচ্চ সুফল পাওয়ার পথ বাধাগ্রস্ত হচ্ছে। সভায় বায়ুর মান উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram