Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ ওয়াসিম জাফর

জয়সওয়ালকে উইকেটকিপিংয়ে দেখে ক্ষুব্ধ ওয়াসিম জাফর

অনলাইন ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের দুই সংস্করণে সিরিজ খেলছে ভারত। তবে টেস্টে তাদের নিয়মিত ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যস্ত লাল বলের ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে। এর মধ্যেই উইকেটকিপিংয়ের ভূমিকা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। বিষয়টি দেখে ক্ষুব্ধ সাবেক ভারতীয় তারকা ওয়াসিম জাফর জয়সওয়ালকে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এর আগে মুম্বাইয়ের রঞ্জি ট্রফিজয়ী অধিনায়ক সিদ্ধেশ দীনেশ লাড সাংবাদিকদের জানিয়েছিলেন, বাঁ-হাতি এই ব্যাটার উইকেটকিপিংয়ের অনুশীলন করছেন। তিন সংস্করণের জাতীয় দলে জয়সওয়ালের জায়গা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এর মধ্যেই বিশেষায়িত দক্ষতা অর্জনের লক্ষ্যে তাঁর উইকেটকিপিং শেখার সিদ্ধান্ত নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি ট্রফির নতুন মৌসুমের প্রথম ম্যাচের তিন দিন আগে লাড বলেন, জয়সওয়াল উইকেটকিপিংয়ের দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করছেন। ভবিষ্যতে মুম্বাই, এমনকি ভারতীয় দলের হয়েও উইকেটকিপার হওয়ার লক্ষ্য তাঁর থাকতে পারে বলে মনে করেন লাড। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।

২৪ বছর বয়সে জয়সওয়ালের উইকেটকিপিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম জাফর। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ছোটবেলা থেকে উইকেটকিপিং না করলে দায়িত্বটি পালন করা কঠিন এবং এটি অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ। জাফরের মতে, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন ও ঋষভ পান্ত দলে থাকায় জয়সওয়াল উইকেটকিপিং শুরু করলেও জায়গা পাওয়া কঠিন হতে পারে।

জাফরের ধারণা, সাদা বলের ক্রিকেটে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই জয়সওয়াল উইকেটকিপিংয়ের দিকে যেতে চাইছেন। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে উইকেটকিপিং কঠিন দায়িত্ব এবং অল্প সময়ে এই দক্ষতা আয়ত্ত করা সম্ভব নয়। রঞ্জি ট্রফি ও নিউজিল্যান্ড সফরের আগে জয়সওয়ালের ব্যাটিংয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন ভারতের জাতীয় দলে ৩৩টি ম্যাচ খেলা সাবেক এই ব্যাটার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram