অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বর দিয়ে চলাচল করতে গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভটি এখন আর সহজে চোখে পড়ে না। চারপাশে টাঙানো নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও বড় বড় বিলবোর্ডে আড়াল হয়ে গেছে স্তম্ভটির মূল কাঠামো। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্মিত এই স্তম্ভটি এখন ঢাকা পড়েছে নির্বাচনী প্রচারণার জাঁকজমকে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া-ভূল্লী) আসনটি গত ২২ আগস্ট শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রতীক বরাদ্দের পর গত বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার গভীর রাত থেকে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো শুরু হয়। বিএনপির সমর্থকেরা প্রথমে পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বরে ব্যানার টাঙালে স্মৃতিস্তম্ভটির একাংশ আড়াল হয়। পরে বৃহস্পতিবার রাতে জামায়াতের কর্মীরা ফাঁকা জায়গায় ব্যানার ও বড় বিলবোর্ড স্থাপন করলে স্তম্ভটির প্রায় পুরো অংশই ঢেকে যায়।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয়দের ক্ষোভ
জুলাই আন্দোলনের কর্মী আহছানুল হাবিব বলেন, জুলাই স্তম্ভ অভ্যুত্থানের স্মৃতি বহন করে এবং এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল হায়াত, শিক্ষার্থী মেহেদী হাসান, জাতীয় কমিটির সদস্য সচিব মাহবুব আলম ও সাংস্কৃতিক কর্মী আব্দুলহ আল মামুনও স্মৃতিস্তম্ভটি ঢেকে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ব্যানার-বিলবোর্ড সরিয়ে স্তম্ভটি দৃশ্যমান রাখার দাবি জানান।
বিএনপির জেলা প্রচার সম্পাদক আহমেদুর রহমান কাজল বলেন, কর্মীরা না বুঝে স্তম্ভের সামনে ব্যানার টাঙিয়েছেন। তাঁর দাবি, বিএনপির ব্যানার লাগানোর পরও স্তম্ভটি অনেকটাই দৃশ্যমান ছিল; পরে জামায়াতের ব্যানার-বিলবোর্ডে তা ঢেকে যায়।
জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজালাল জুয়েল বলেন, ফাঁকা জায়গা না পাওয়ায় কর্মীরা সেখানে প্রচারণার সামগ্রী স্থাপন করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং ধানের শীষের ব্যানার সরানো হলে তাঁদের ব্যানার-বিলবোর্ডও সরিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। স্মৃতিস্তম্ভ ঘিরে স্থাপিত ব্যানার-বিলবোর্ড সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।

