অনলাইন ডেস্ক: সমুদ্রপথে পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের জন এডওয়ার্ড পুদনের। স্ত্রী বেলা ও দুই ছেলে আলবার্ট এবং রালফকে নিয়ে সেই যাত্রার জন্য কক্সবাজারে তৈরি করিয়েছিলেন বিশেষ নৌযান ‘আইল্যান্ড গার্ল’। পরিকল্পনা ছিল, নিজেদের নৌযানে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে নিউজিল্যান্ডে ফিরবেন তারা।
তবে গত ২৫ আগস্ট চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের মধ্যবর্তী মহেশখালী চ্যানেলের মোহনায় বড় ঢেউ ও তীব্র স্রোতে নৌযানটি ডুবে যায়। পরিবারের চার সদস্য সাগরে পড়ে গেলে স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড, বেলা ও ছোট ছেলে রালফকে উদ্ধার করেন। নিখোঁজ ছিল ১৬ বছর বয়সী বড় ছেলে আলবার্ট। পরদিন সমিতিপাড়া উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছেলেকে হারানোর পর সমুদ্রযাত্রার সেই পরিকল্পনা আর পূর্ণ হয়নি। প্রায় দেড় মাস কক্সবাজারে অবস্থানের পর আজ শুক্রবার (১০ অক্টোবর) জন এডওয়ার্ড, বেলা ও রালফ নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন। তারা সমুদ্রপথে নয়, আকাশপথে ফিরছেন।
কক্সবাজারে তৈরি হয়েছিল ‘আইল্যান্ড গার্ল’
২০২৪ সালে পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন জন এডওয়ার্ড। পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্রপথে পৃথিবী ঘোরার পরিকল্পনা বাস্তবায়নে তিনি কক্সবাজারকে বেছে নেন। স্থানীয় কারিগরদের সহযোগিতায় শহরের এসএমপাড়া এলাকায় নৌযানটি নির্মাণ করা হয়।
নাজিরারটেকের বাসিন্দা দিসরুল ইসলাম রুবেলের ভাষ্য, প্রায় দুই বছর ধরে নৌযানটির নির্মাণকাজ চলে। এতে অন্তত এক কোটি টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেন তিনি। নৌযানটিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ, ফ্রিজ ও রান্নাঘরসহ দীর্ঘদিন সমুদ্রে থাকার উপযোগী বিভিন্ন সুবিধা ছিল।
দুর্ঘটনার বিবরণ
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে ‘আইল্যান্ড গার্ল’ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় পরিবারটি। নাজিরারটেক থেকে কিছু দূরে মহেশখালী চ্যানেলের মোহনায় সকাল সাড়ে ৯টার দিকে বড় ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে নৌযানটি। একপর্যায়ে চারজনই সাগরে পড়ে যান।
উদ্ধারকাজে কোস্ট গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও স্থানীয় জেলেরা অংশ নেন। পরদিন বিকেল সাড়ে ৫টার দিকে সমিতিপাড়া উপকূলে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে সেটি আলবার্টের বলে শনাক্ত করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে কক্সবাজারের একটি শ্মশানে আলবার্টের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিবার
নৌকাডুবির পর জন এডওয়ার্ড, বেলা ও রালফ কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ছিলেন। তাদের বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল শৈবালে রাখা হয় এবং নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, পরিবারের দেশে ফেরার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়েছে।
দুর্ঘটনায় পাসপোর্টসহ কিছু নথি হারিয়ে যাওয়ায় দেশে ফেরার ব্যবস্থা করতে জটিলতা তৈরি হয়। তাসনীম জাহান জানান, বাংলাদেশে নিউজিল্যান্ডের দূতাবাস না থাকায় শ্রীলঙ্কায় অবস্থিত নিউজিল্যান্ডের দূতাবাসের সঙ্গে অনলাইন ও ভার্চ্যুয়াল যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত নৌযানটি এখনো কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। নৌযান থেকে উদ্ধার করা কিছু জিনিসপত্র পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগেও বিপদে পড়েছিল পরিবারটি
কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের ভাষ্য, নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় পরিবারটিকে সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করা হয়েছিল এবং গত ১ মার্চ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, এপ্রিল মাসে বৈরী আবহাওয়ার মধ্যে মহেশখালী চ্যানেল অতিক্রমের সময় ‘আইল্যান্ড গার্ল’ ক্ষতিগ্রস্ত হয়। পরে সোনাদিয়ায় আশ্রয় নেওয়ার পর রাতে দুর্বৃত্তরা পরিবারের ওপর হামলা চালিয়ে অর্থ, মুঠোফোন, পাসপোর্ট, পোশাকসহ বিভিন্ন মালামাল লুট করে। ১০ এপ্রিল কোস্ট গার্ড পরিবারটিকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়। পরে নৌযানটি মেরামত করা হয়েছিল।
স্থানীয় জেলে আবদুর রহমানের ভাষ্য, দুটি কাঠের নৌযান জোড়া দিয়ে ‘আইল্যান্ড গার্ল’ তৈরি করা হয়েছিল। বড় ঢেউয়ের ধাক্কায় সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে একটি অংশ দ্রুত ডুবে যায়।
নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ জেটির বিপরীতে বাঁকখালী নদীতে এখনো ডুবন্ত অবস্থায় পড়ে আছে নৌযানটি। পরিবারটির বিশ্বভ্রমণের পরিকল্পনার সেই নৌযান এখন তাদের অপূর্ণ স্বপ্নের স্মারক হয়ে রয়েছে।

