অনলাইন ডেস্ক: দুর্গাপূজা ঘিরে ওপার বাংলায় নতুন সিনেমা মুক্তির আমেজ। সেই ধারাবাহিকতায় এবারের পূজায় প্রেক্ষাগৃহে আসছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।
ছবিটির প্রচারণায় ব্যস্ততার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন মিমি। এ সময় বিয়ের জন্য তার পছন্দের পাত্র কেমন হওয়া উচিত, সে বিষয়েও জানিয়েছেন অভিনেত্রী।
মিমির ভাষ্য অনুযায়ী, জীবনসঙ্গীকে ভালো মানুষ ও ঘনিষ্ঠ বন্ধু হতে হবে। তিনি ফান লাভিং হবেন এবং মিমির মতো ভ্রমণপ্রিয় হওয়াও গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ভবিষ্যৎ সন্তানদের প্রতি তার ভালোবাসাকে।
নিজের বিয়ে প্রসঙ্গে মিমি মজার ছলে জানান, অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তার ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তিনি বেশি খুশি হন। নিজের বিয়ে হলে তখনই এ নিয়ে ভাববেন বলেও জানান অভিনেত্রী।
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চলচ্চিত্রে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতির সময় সৃজিত তাকে ‘গানের ওপারে’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘পুপে’-র রেফারেন্স দিয়েছিলেন বলে জানান মিমি।

