অনলাইন ডেস্ক: বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি নন পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাগর হোসেন। তাই ছেলের কাছ থেকে ভরণপোষণ ও আশ্রয় পাওয়ার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মা মুন্নি খাতুন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযোগের শুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সামনে সাগর বলেন, মাকে সঙ্গে রাখলে তিনি আত্মহত্যা করবেন। তবে মাকে সঙ্গে রাখতে না পারলেও মাসে কত টাকা দেবেন, তা ইউএনওকে নির্ধারণ করে দিতে বলেন তিনি।
হৃদ্রোগে আক্রান্ত মুন্নি খাতুনের আকুতি, জীবনের শেষ সময়ে ছেলের সঙ্গে থেকে নুন-পান্তা খেয়েও বাকি জীবন কাটাতে চান তিনি। তার স্বামী সিরাজুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। দুই সন্তানের মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধ বয়সে ছেলেই তার প্রধান অবলম্বন বলে জানান তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর হোসেনের বিয়ের পর থেকেই মায়ের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তিনি মাকে নিয়মিত ভরণপোষণ দেওয়া বন্ধ করেন এবং নিজের সঙ্গে রাখতেও অনীহা প্রকাশ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেও স্থায়ী সমাধান না হওয়ায় মুন্নি খাতুন ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
শুনানিতে ইউএনও সাগরকে মাকে নিজের সঙ্গে রেখে দেখাশোনা করার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন এবং মানবিকভাবে সমস্যাটির সমাধানের অনুরোধ জানান। তবে সাগর নিজের অবস্থানে অনড় থাকেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে ইউএনও তাকে কয়েক দিনের সময় দেন। এ সময়ের মধ্যে মায়ের ভরণপোষণ ও দেখাশোনার বিষয়ে সমাধানে আসতে বলা হয়।
মায়ের আকুতি
মুন্নি খাতুন বলেন, তিনি অসুস্থ এবং শেষ বয়সে ছেলের কাছে আশ্রয় চান। টাকা-পয়সা নয়, ছেলের সঙ্গে থেকে নুন-পান্তা খেয়েও বাকি জীবন পার করতে চান বলে জানান তিনি।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, মা-ছেলের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও ছেলে রাজি হননি। পরে মুন্নি খাতুন ইউএনওর কাছে অভিযোগ করেন।
ইউএনও সেলিম আহমেদ বলেন, উভয় পক্ষকে ডেকে শুনানি করা হয়েছে। ছেলেকে বিষয়টি মানবিকভাবে দেখার জন্য বোঝানো হয়েছে এবং কয়েক দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

