অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির নিলামে ১৮ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার জেসন রোলসকে ২৯ লাখ র্যান্ডে (প্রায় ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার) দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ খেলা রোলসই আসন্ন আসরের নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার।
প্রোটিয়া টি-টোয়েন্টি লিগে এত দামে বিক্রি হওয়া ক্রিকেটার হিসেবে রোলস খুব বেশি পরিচিত নন। তবে তাকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনেও কার্যকর তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে সিএসএ প্রো-টোয়েন্টি কাপে ৩১ বলে ৪৫ রান করার পাশাপাশি একটি উইকেট নেন।
বয়সভিত্তিক ক্রিকেটে পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজরে আসেন রোলস। যুব ওয়ানডেতে ২৪ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৪২.৭৫ গড়ে ৮৫৫ রান করেছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ১৯ উইকেট। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৭০ গড় ও ১১২ স্ট্রাইকরেটে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা দলের সফলতম ব্যাটার ছিলেন রোলস। যুবাদের টেস্টে তার একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।
এসএ টোয়েন্টির আসন্ন আসরের মিনি নিলামে রোলসের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ লাখ র্যান্ডে সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে জোবার্গ সুপার কিংস। তৃতীয় সর্বোচ্চ ২৬ লাখ র্যান্ডে দেশীয় অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে নিয়েছে এমআই কেপ টাউন।
পঞ্চম আসরের নিলামে ক্রিকেটার কেনাবেচার সুযোগ ছিল সীমিত। সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন নাহিদ রানা, তবে তিনি দল পাননি। এর আগে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ার কারণে বিগ ব্যাশের প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাকে।
নিলামের আগে বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে নিয়েছে দলটি। আগামী ৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএ টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

