অনলাইন ডেস্ক: মৃত্যুর ঠিক চার দিন আগে এক অনুষ্ঠানে জীবন ও মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার বলেছিলেন, ‘আমি জানি না কাল আমি বেঁচে থাকব কি না। জীবনের শেষ প্রান্তে সবাইকে পৌঁছাতেই হবে। কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?’
বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান ভারতীয় চলচ্চিত্রের এই অভিনেতা। মৃত্যুর চার দিন আগে, গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
সাদা কুর্তা ও স্কার্ফ পরা নানা পাটেকারের সেই বক্তব্যের ভিডিও ও বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। অনুষ্ঠানে তিনি বন্ধু ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পার্রিকরকে স্মরণ করেন এবং জীবনের নশ্বরতা ও সমাজের প্রতি মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন।
নানা পাটেকার বলেন, ‘আমাদের সবার জগত যদি কেবল স্ত্রী, সন্তান আর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে এই জীবনের অর্থ কী? সমাজকে কিছু তো ফেরত দিয়ে যেতে হবে, তাই না?’
প্রকাশ্য সৌজন্যবোধ ও শালীন আচরণের ওপরও জোর দেন তিনি। নরেন্দ্র মোদির কিছু আদর্শ পছন্দ এবং কিছু অপছন্দের কথা উল্লেখ করে নানা পাটেকার বলেন, মতের বিরোধিতা থাকলে তা স্পষ্ট করে বলার সাহস থাকা উচিত। তবে প্রতিবাদের ভাষা শালীন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নানা পাটেকারকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। পরে ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যু ঘোষণা করা হয়।
তার ছেলে মালহার পাটেকার তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

