Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বাংলাদেশ দলে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার নতুন সহকারী কোচ মাকেতা

বাংলাদেশ দলে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার নতুন সহকারী কোচ মাকেতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের সঙ্গে যোগ দেওয়ার দিনই ছিল তাঁর জন্মদিন। নতুন যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই কোচ।

মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই মাকেতাকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ হওয়ায় স্বদেশি হিসেবে দেশটির পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিবেচনা করা হয়েছে।

বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পর মাকেতা জানান, খেলোয়াড় ও কোচদের সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে ছিলেন। দলের সঙ্গে তাঁর নতুন যাত্রা রোমাঞ্চে ভরপুর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জন্মদিনে দলের সঙ্গে যোগ দেওয়াকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন মাকেতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভিন্ন সংস্কৃতিতে কাজ করার সুযোগ পাওয়া তাঁর জন্য দারুণ এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলে যোগ দেওয়ার সময়টিও উত্তেজনাপূর্ণ।

দলের প্রথম অনুশীলন নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন মাকেতা। তাঁর ভাষ্য, আরব আমিরাতে গরম থাকলেও খেলোয়াড়েরা নিজেদের কাজ ভালোভাবে করেছেন। ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এবং অনুশীলনে তাঁদের প্রতিক্রিয়া ও শারীরিক ভাষা তাঁকে মুগ্ধ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram