অনলাইন ডেস্ক: লালমনিরহাটে শিশু শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম। পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া এ কার্যক্রম সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূর করতে দেশের কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে স্কুল ফিডিং কার্যক্রম চালু করেছে সরকার। এর আওতায় লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার ৩১০টি বিদ্যালয়ে গত বছরের ২৮ ডিসেম্বর থেকে বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধা পাচ্ছে।
টিফিনে শিশুদের বনরুটির সঙ্গে ডিম, দুধ ও কলা দেওয়া হয়। বনরুটি প্রতিদিন সরবরাহ করা হলেও ২০০ মিলিলিটারের প্যাকেটজাত দুধ একদিন এবং কলা আরেকদিন দেওয়া হয়। বাকি তিন দিন বনরুটির সঙ্গে থাকে সিদ্ধ ডিম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাবার পাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও পড়ালেখায় মনোযোগ বেড়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, পাটগ্রামে ২২ হাজার ৮২৯ জন এবং কালীগঞ্জে ১৯ হাজার ৮৫০ জন শিশু প্রতিদিন এ খাবার পায়।
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটে ৩৬টি চরাঞ্চল রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, স্কুল ফিডিং চালু হওয়া উপজেলাগুলোতে ঝরে পড়ার হার শূন্যের কোটায় এসেছে এবং বিদ্যালয়ে উপস্থিতি বেড়ে ৯৫ থেকে ৯৭ শতাংশ হয়েছে। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব বলেন, আগে দুই উপজেলার বিদ্যালয়গুলোতে উপস্থিতি ছিল ৭০ শতাংশ; এখন তা ৯০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে।
হাতীবান্ধা উপজেলা সদরের আল মদিনা বেকারিতে স্বয়ংক্রিয় মেশিনে বনরুটি তৈরি করে সরকারি লোগোসহ প্যাকেটজাত করা হচ্ছে। বিদ্যালয়সংলগ্ন এলাকার নারীরা সিদ্ধ ডিম ও কলা সরবরাহ করছেন। ইএসডিওর তদারকিতে এ কাজে যুক্ত নারীরা মাসে ৪ থেকে ৫ হাজার টাকা আয়ের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন সংস্থাটির জেলা ম্যানেজার বাবুল আক্তার জামান। প্যাকেটজাত দুধ সরবরাহ করছে আরডিএ নামের একটি এনজিও।
শিক্ষার্থী ও অভিভাবকেরা জানিয়েছেন, আগে টিফিনের ব্যবস্থা করতে না পারায় অনেক শিশু স্কুলে যেতে চাইত না বা দীর্ঘ সময় বিদ্যালয়ে দুর্বল হয়ে পড়ত। এখন পুষ্টিকর খাবার পাওয়ায় তাদের বিদ্যালয়ে থাকা ও পড়ালেখায় মনোযোগ দেওয়া সহজ হচ্ছে। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা কার্যক্রমটি সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে চালুর দাবি জানিয়েছেন।

