Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঝিনাইদহে শালিসি বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহে শালিসি বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করেছিল। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শাওনের অভিযোগ, একই গ্রামের শামীম হোসেন শত্রুতার জেরে তাকে মাদকসেবী হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন। এ বিষয়টি নিয়ে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠক বসে।

শালিস চলাকালে শাওন ও শামীমের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সারুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহেব হোসেন বলেন, শাওনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করেছিল। ডোপ টেস্ট নেগেটিভ আসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বসা শালিস চলাকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০ জন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram