অনলাইন ডেস্ক: পদ্মা নদীর এক পাড়ে পাবনার নাজিরগঞ্জ, অন্য পাড়ে রাজবাড়ীর ধাওয়াপাড়া। দুই জেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটে আবারও বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। নদীতে হঠাৎ স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে—এমন কারণ দেখিয়ে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে এই রুটে ১৬ দিন ফেরি চলাচল বন্ধ ছিল। ২৩ সেপ্টেম্বর ফেরি চলাচল শুরু হলেও ৫ অক্টোবর থেকে আবারও তা বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় দুই জেলার মানুষকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি পরিবহন খরচও বাড়ছে।
যাত্রীদের অভিযোগ
যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, নদীতে স্রোত বাড়লেই এই নৌরুটে ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। তাদের দাবি, পর্যাপ্ত সক্ষমতার ফেরির অভাব, পুরোনো ও দুর্বল ফেরি, ঘাটের অব্যবস্থাপনা এবং নাব্যতা-সংক্রান্ত সমস্যার কারণে প্রায়ই পারাপার ব্যাহত হয়।
রাজবাড়ীর যাত্রী আলতাফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই পথে চলাচল করছেন। মাঝেমধ্যে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়। তাঁর মতে, এই পথে সময় ও খরচ—দুটিই কম লাগে।
পাবনার আতাইকুলার ব্যবসায়ী ইয়াছিন আলী শেখ বলেন, তিনি নিয়মিত এই পথে যাতায়াত করেন। কয়েক দিন বন্ধ থাকার পর ফেরি আবারও বন্ধ থাকায় তিনি বিপদের মধ্যে পড়েছেন। দ্রুত ফেরি চালুর দাবি জানান তিনি।
স্থানীয় আকিব মন্ডলের দাবি, এই রুটে চলাচলকারী ফেরিগুলোর অবস্থা নাজেহাল। তাঁর মতে, নতুন ফেরি দেওয়া হলে যাত্রীদের ভোগান্তি কমবে।
নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ
বিআইডব্লিউটিসির নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে আবারও স্রোত বেড়ে যাওয়ায় আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফেরিগুলো যথেষ্ট শক্তিশালী এবং এই নৌপথে চলাচলের উপযোগী ফেরি রয়েছে। ফেরি চলাচলে অবকাঠামোগত কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। তবে নদীর স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকি নিয়ে ফেরি চালানো হবে না। পরিস্থিতি অনুকূলে এলে সার্ভিস পুনরায় চালু করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথটি ব্যবহারকারী যাত্রী ও যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন। নদীর স্রোত কমে গেলে দ্রুত ফেরি সার্ভিস চালুর দাবি জানিয়েছেন তারা।

