অনলাইন ডেস্ক: ৩৯ বছর বয়সে জাতীয় দলের শেষ ম্যাচে মাঠে নেমে লিওনেল মেসি শুধু আর্জেন্টিনার ৩-০ গোলের জয় দেখেই থামেননি, ম্যাচের তিনটি গোলেই সরাসরি অবদান রেখেছেন। দুটি অ্যাসিস্টের পর নিজেই করেছেন একটি গোল।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আর্জেন্টিনার আক্রমণে মেসিই ছিলেন অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রথম ৪৫ মিনিটে তিনি চারটি গোলের সুযোগ তৈরি করেন। ২৬ মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি গোলের সুযোগ পেলেও বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনুর দারুণ সেভে তা আটকে যায়।
ম্যাচের দশম মিনিটে রেফারি খেলা থামালে ৮৫ হাজারের বেশি দর্শক দাঁড়িয়ে মেসিকে অভিবাদন জানান। মনুমেন্টাল স্টেডিয়ামে করতালি, স্লোগান ও আবেগে তৈরি হয় বিদায়ী মুহূর্ত। তবে সেই পর্ব শেষ হওয়ার পর মেসি আবারও মনোযোগ দেন খেলায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক থেকে ভলিতে গোল করেন তিনি। এরপর মেসির বাড়ানো বলে বক্সের বাইরে থেকে শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।
দুটি গোল করানোর পর পেনাল্টি থেকে নিজেই গোল করেন মেসি। বেনিনের বিপক্ষে এই গোলটি আর্জেন্টিনার হয়ে তার শেষ গোল এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৬তম।
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেকের পর ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি পার করেছেন নানা উত্থান-পতন ও হতাশা। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর তিনি ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জেতেন।
বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। বিদায়ের আগে ২০৭ ম্যাচে তার গোল ছিল ১২৫টি এবং অ্যাসিস্ট ৬৮টি। শেষ ম্যাচের এক গোল ও দুই অ্যাসিস্টে সেই পরিসংখ্যান আরও সমৃদ্ধ হয়েছে।

