অনলাইন ডেস্ক: বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচে লিওনেল মেসি করেছেন এক গোল ও দুটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি।
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি আর্জেন্টিনা। ফলে বিদায়ী ম্যাচে মেসি গোল না করেই মাঠ ছাড়বেন কি না, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই শঙ্কা দূর করেন তিনি।
ম্যাচের ৪৮ মিনিটে ডান দিক থেকে মেসির নেওয়া কর্নার কিকে কাছ থেকে ভলি করে গোল করেন নিকোলাস ওটামেন্দি। জাতীয় দলের জার্সিতে এটি মেসির ৬৮তম অ্যাসিস্ট।
৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন মেসি। সেই বল পেয়ে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে গোল করেন পাজ।
এরপর ৬৯ মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭০ মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে নিজের বিদায়ী ম্যাচে স্কোরশিটে নাম লেখান মেসি। এরপর আর গোল হয়নি। ম্যাচ শেষ হয় ৩-০ ব্যবধানে।
ম্যাচের দশম মিনিটে মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে খেলা থামান রেফারি। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালিতে আর্জেন্টাইন কিংবদন্তিকে অভিবাদন জানায়। মেসি হাত নেড়ে সেই ভালোবাসার জবাব দেন।

