Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী যোগ্য শিক্ষক ও বিশেষজ্ঞরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন বিষয়ে কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংকট নিরসনে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোও এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাদান সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম জোরদার, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করতেও শিক্ষক পুল গঠন করা হচ্ছে।

আবেদন করতে আগ্রহীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদের ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউজার অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, এ বিষয়ে গত ২০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদন করা যাবে jobs.nu.ac.bd ওয়েবসাইটে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram