অনলাইন ডেস্ক: বিতর্ক আর বিতর্কিত কর্মকাণ্ড যেন বলিউড র্যাপার হানি সিংয়ের জীবনের নিত্যসঙ্গী। প্রায়শই নানা মন্তব্য ও কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে আসা এই তারকা এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের গোড়ার দিকে একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে মামলা দায়ের করা হয়। সেই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার সমন পাঠানো হলেও তা এড়িয়ে গিয়েছেন এই গায়ক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হানি সিংকে। তবে পুলিশি জেরা এড়াতে প্রতিনিধি মারফত বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন তিনি।
কনসার্টের মন্তব্য ঘিরে বিতর্ক
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। দিল্লির একটি কনসার্টে পারফর্ম করার সময় তীব্র শীতের মধ্যে গাড়িতে সঙ্গম করার পরামর্শ দেওয়ার অভিযোগ ওঠে হানি সিংয়ের বিরুদ্ধে। একই সঙ্গে শ্রোতা-দর্শকদের কনডম ব্যবহারের উপদেশ দেওয়ার কথাও বলা হয়। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। পরে হানি সিং ক্ষমা চান।
ক্ষমা চাওয়ার সময় তিনি জানান, অনিরাপদ যৌনতার কারণে তরুণ প্রজন্ম যে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, সে বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই তিনি এমন ভাষা ব্যবহার করেছিলেন। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জেন-জি বা বর্তমান প্রজন্মের কাছে কথাটি সহজ ও বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এমন রূপক ও অনানুষ্ঠানিক ভাষা বেছে নিয়েছিলাম।’
তবে চিকিৎসকদের দোহাই দিয়ে দেওয়া ওই মন্তব্যের পর বিতর্ক আরও বাড়ে। ভাষার শালীনতা বজায় না রাখা ও অশালীন মন্তব্য ছড়ানোর অভিযোগে বিষয়টি শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় গড়ায়।

