অনলাইন ডেস্ক: ফর্মুলা ওয়ান (এফওয়ান) রেসের সরাসরি সম্প্রচারে এবার উন্নত প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এ জন্য ডলবি ল্যাবরেটরিজের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্যবস্থায় রেসের গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের শব্দ এবং পিট লেনের ব্যস্ততার শব্দ আরও বাস্তবসম্মতভাবে শোনা যাবে।
চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অনুষ্ঠেয় ইউএস গ্র্যান্ড প্রিক্স থেকে ডলবি অ্যাটমস প্রযুক্তিতে এফওয়ান সম্প্রচার শুরু হবে। অ্যাপল ডিভাইস এবং ডলবি টেলিভিশন, সাউন্ডবার ও হোম থিয়েটার ব্যবস্থায় দর্শকেরা এই সুবিধা পাবেন।
অ্যাপল জানিয়েছে, ডলবি অ্যাটমসের ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তির সঙ্গে ডলবি ভিশন যুক্ত করে ঘরে বসে এফওয়ান দেখার অভিজ্ঞতা উন্নত করতে চায় তারা। এতে রেসের শব্দ বিভিন্ন দিক থেকে আসছে—এমন অনুভূতি তৈরি হবে। গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ ও পিট লেনের শব্দ দর্শকের কাছে আরও জীবন্ত মনে হতে পারে।
ডলবি ল্যাবরেটরিজের বিনোদন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন কুলিং বলেন, রেসের আবেগ ও উত্তেজনা তৈরিতে শব্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতে, ডলবি অ্যাটমস দর্শকদের সেই অভিজ্ঞতা দিতে পারবে।
অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অলিভার শুসার বলেন, খেলাধুলার সম্প্রচারে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ এখনও অনেক। এফওয়ান সম্প্রচারে নতুন শব্দপ্রযুক্তি যুক্ত করা দর্শকের অভিজ্ঞতা বদলের অ্যাপলের উদ্যোগের ধারাবাহিকতা।
এফওয়ানের রেস প্রযোজনার দায়িত্ব থাকবে ফর্মুলা ওয়ানের। অ্যাপল তাদের প্রযুক্তি অবকাঠামোর মাধ্যমে দর্শকদের কাছে সম্প্রচার পৌঁছে দেবে। ভবিষ্যতের রেসগুলোতেও উন্নত শব্দ ও ছবির মান ধরে রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এফওয়ানের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্বের জন্য অ্যাপল বছরে আনুমানিক ১৪ থেকে ১৫ কোটি মার্কিন ডলার দিচ্ছে বলে জানা গেছে। এটি এফওয়ান সম্প্রচারে অ্যাপলের প্রথম বছর। এর আগে যুক্তরাষ্ট্রে এই রেসের সম্প্রচার স্বত্ব ছিল ইএসপিএনের কাছে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে এফওয়ান দেখার দর্শকসংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শকদের মধ্যে তরুণ ও নারী দর্শকের অনুপাতও বেড়েছে। উন্নত ছবি ও শব্দের মানে দর্শকদের আগ্রহ আরও বাড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

