Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পিসিবি এনওসি না দেওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়ন্স

পিসিবি এনওসি না দেওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়ন্স

অনলাইন ডেস্ক: পিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।

গত বছর এই প্রতিযোগিতাকে ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইভেন্টটিতে পাকিস্তানের অংশগ্রহণ বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছিল তারা। পিসিবির অভিযোগ, এই প্রতিযোগিতা খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণে পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার কথাও জানিয়েছিল বোর্ডটি।

পিসিবি তাদের অবস্থানে অটল থাকায় পাকিস্তান চ্যাম্পিয়ন্সের জন্য এনওসি আদায়ের লিগ কর্তৃপক্ষের চেষ্টা সফল হয়নি। গত বছরের আসরে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হয়েছিল পাকিস্তান দল।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ক্রিকইনফোকে জানিয়েছে, প্রয়োজনীয় অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতির সিদ্ধান্তে পিসিবি অটল থাকায় চলমান ডব্লিউসিএলে অংশ নিতে না পারার বিষয়টি তারা দুঃখের সঙ্গে জানাচ্ছে।

এ বছরের টুর্নামেন্ট শুরু হয়েছে ৩ অক্টোবর। ভারত ও অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেললেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ স্থগিত করা হয়। আয়োজকরা পিসিবির সঙ্গে সমঝোতার চেষ্টা করেও সফল হয়নি। এনওসি পাওয়ার আশায় পাকিস্তানের ম্যাচের সূচি পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হয়েছিল। সোমবার অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিবৃতির পর বোঝা গেছে, বিষয়টির সমাধান হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram