অনলাইন ডেস্ক: প্রেম, পরিণয় আর একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া সম্পর্ক ভেঙে গেলে শুধু সংশ্লিষ্ট দুজনই নন, তাদের শুভাকাঙ্ক্ষীরাও থমকে যান। বিশেষ করে তারকাদের রূপকথার মতো সম্পর্কের ইতি ঘটলে সাধারণ মানুষের মনেও সম্পর্কের স্থায়িত্ব ও মূল্য নিয়ে প্রশ্ন জাগে।
এমন প্রশ্নের জন্ম দিয়ে আলোচনায় এসেছে তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের বিচ্ছেদের খবর। রোববার (৪ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে তারা বিচ্ছেদের বিষয়টি জানান। তাদের ১০ বছরের সম্পর্কের মধ্যে চার বছরের সংসার ছিল। খবরটি মেনে নিতে পারছেন না বলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেক ভক্ত।
চলতি বছরের জানুয়ারিতে গায়ক ও অভিনেতা তাহসান খানও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তবে কবে এবং কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিকে ঘিরে বিচ্ছেদের জল্পনা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করা এই দম্পতিকে বেশ কিছুদিন একসঙ্গে দেখা যাচ্ছে না। এক পডকাস্টে সৃজিত নিজের একাকিত্বের কথা বললেও মিথিলার নাম উল্লেখ করেননি। মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে যোগ দিয়েছেন।
২০২৫ সালেও তারকাদের মধ্যে বিচ্ছেদের ঘটনা আলোচনায় ছিল। ওই বছর সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের দাম্পত্যের ইতি টানার কথা জানান। একই বছরের ফেব্রুয়ারিতে সংগীতশিল্পী হৃদয় খানও তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবর জানান।
ভক্তদের হতাশার কারণ
নিউইয়র্কভিত্তিক সাইকোথেরাপিস্ট ক্যাথরিন শেফলারের মতে, মানুষ সেলিব্রিটিদের নিখুঁত জুটি হিসেবে দেখে। তাই তাদের সম্পর্ক ভেঙে গেলে সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। তার মতে, ভালোবাসার পাশাপাশি কার্যকর যোগাযোগ, প্রতিশ্রুতি, আর্থিক ঘনিষ্ঠতা ও আস্থাও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের কারণে সম্পর্কের যোগাযোগও বদলে যাচ্ছে। কর্মব্যস্ততা বা দূরত্বের কারণে অনেক দম্পতির সামনাসামনি কথা বলার সময় কমছে; ঝগড়া ও আবেগের প্রকাশও হচ্ছে মেসেজিং অ্যাপে। পুরোনো বার্তা ও ছবি নতুন করে ক্ষত জাগাতে পারে বলেও মনে করেন এক আইনজীবী ও সম্পর্ক বিশেষজ্ঞ।
সামাজিক মাধ্যমে অন্যের সাজানো জীবনের সঙ্গে নিজের দাম্পত্যের তুলনা অবাস্তব প্রত্যাশা ও হতাশা তৈরি করছে। পাশাপাশি ভার্চুয়াল জগতে অবাধ যোগাযোগ অনেক ক্ষেত্রে সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, যা দাম্পত্যে দূরত্ব বাড়াতে পারে।

