অনলাইন ডেস্ক: উচ্চ বেতনের চাকরি, সামাজিক আভিজাত্য আর ক্ষমতার মোহকে সাফল্যের একমাত্র মাপকাঠি মনে না করে জীবনের ভিন্ন পথ বেছে নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করা নায়লা শারাফ। অর্থ বা খ্যাতির চেয়ে নীতি, আত্মতৃপ্তি ও শিশুদের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তিনি বর্তমানে নেত্রকোণা সদরের পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে পাঠদান করছেন।
বুয়েট থেকে পড়াশোনা শেষ করার পর নায়লা এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি পান। তবে কাজের পরিবেশ ও অনিয়মের সঙ্গে আপস করতে না পেরে অল্পদিনের মধ্যেই তিনি চাকরিটি ছেড়ে দেন। পরে জনতা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগ দিলেও সেখানকার যান্ত্রিক জীবন তাকে আকৃষ্ট করেনি। ৩৪তম বিসিএসে কোয়ালিফাইড হওয়ার পরও তিনি সরকারি চাকরিতে যোগ দেননি।
লোভনীয় চাকরি ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে নায়লা শারাফ বলেন, অর্থ ও খ্যাতির প্রতি তার কোনো মোহ নেই। সাধারণ জীবন পছন্দ করেন তিনি এবং দিন শেষে নিশ্চিন্ত ও পরিতৃপ্ত ঘুমকেই বড় করে দেখেন।
শিশুদের নীতি ও সততার পাঠ
প্রাথমিক বিদ্যালয়ে নায়লার শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সত্যবাদী, সাহসী এবং অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেন তিনি। নিজের কাজের নৈতিকতা যাচাই করতে শিক্ষার্থীদের আত্মজিজ্ঞাসার ওপর গুরুত্ব দিতে বলেন নায়লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানী ভৌমিক নায়লাকে বিদ্যালয়ের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, বুয়েটের মতো প্রতিষ্ঠানে পড়েও নায়লা প্রান্তিক শিশুদের নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে পড়ান। ক্লাসের বিষয় সহজ করতে তিনি ছবি আঁকা ও ডিজিটাল কনটেন্ট তৈরির কাজও করেন বলে জানান প্রধান শিক্ষক।
প্রান্তিক শিশুদের জন্য কাজ
গত সাত বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন নায়লা। তিনি ভিকারুন্নিসা নূন স্কুলের ছাত্রী ছিলেন। শহরের স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীদের মতো প্রান্তিক পরিবারের সন্তানদেরও গুণগত শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে পাঠ্যপুস্তকের বিষয় সহজ করতে নিজেই কনটেন্ট তৈরি ও ছবি আঁকেন।
নায়লার মতে, অন্য কোনো বিভাগে চাকরি করলে হয়তো তিনি বেশি অর্থের মালিক হতে পারতেন, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে তিনি বড় প্রাপ্তি মনে করেন। এই ভালোবাসার কারণেই তিনি প্রাথমিক শিক্ষায় থেকে গেছেন বলে জানান।
বুয়েটের ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছ থেকে নানা কথা শুনতে হয়েছে বলেও জানান নায়লা। তবে তিনি মনে করেন, ভিকারুন্নিসায় পাওয়া সুযোগ-সুবিধার মতো শিক্ষা প্রান্তিক শিশুদেরও দেওয়ার দায়িত্ব রয়েছে তার।
তরুণ ও মেধাবীদের প্রাথমিক শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নায়লা। তার মতে, প্রতিদানের আশা না করে দেওয়ার মানসিকতা নিয়ে কেউ এ পেশায় এলে প্রাথমিক শিক্ষার মান ও মর্যাদা বাড়বে।

