অনলাইন ডেস্ক: পশ্চিমা গণমাধ্যম ও রূপালি পর্দায় মুসলিম চরিত্রকে একপেশে ও ছাঁচে ফেলা উপস্থাপনার বিপরীতে নিজেদের আসল রূপ ও গল্প বিশ্বমঞ্চে তুলে ধরতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ‘নিউ ইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ (এনওয়াইএমএফএফ)।
আগামী ১১ অক্টোবর ম্যানহাটনের ঐতিহ্যবাহী এসভিএ থিয়েটারে দিনব্যাপী এই উৎসবের আয়োজন হবে। নিউইয়র্ক সিটিতে মুসলিম স্বাধীন নির্মাতাদের জন্য এটিকে প্রথম বড় প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, ক্লিশে বা বাঁধাধরা ধারণার বাইরে গিয়ে মুসলিমদের সংস্কৃতি, অনুভূতি ও জীবনযাত্রার বাস্তব গল্পকে রূপালি পর্দায় তুলে ধরাই উৎসবের লক্ষ্য। আর্ট ডিরেক্টর হাসান বাবর বলেন, মূলধারার ভুল ধারণার জবাব দেওয়ার পাশাপাশি মুসলিমদের নিজেদের সত্য গল্পকে সিনেমার জগতে স্থায়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা।
উৎসবের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক নাওয়াল মুবিন বলেন, মুসলিমদের নিজেদের গল্প নিজেদের মর্যাদায় তুলে ধরার অধিকার রয়েছে; অন্যের তৈরি সীমারেখার মধ্যে থেকে নয়।
বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। বিশ্বের সাতটি দেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর অর্ধেকের বেশি পরিচালনা করেছেন নারী নির্মাতারা। প্রামাণ্যচিত্র, নাটক, কমেডি, অ্যানিমেশন ও সামাজিক পরীক্ষাভিত্তিক চলচ্চিত্র দুটি পর্বে প্রদর্শিত হবে। শেষে সেরা কাজের জন্য জুরি সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
ছয় সদস্যের জুরি বোর্ডে রয়েছেন ‘দ্য ডেইলি শো’ খ্যাত এমির জয়ী তারকা আসিফ মান্ডভি, সেনেফিলিয়া প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ও আরব-আমেরিকান পরিচালক দারিন হোতাইত, ওয়াটারমেলন পিকচার্সের প্রযোজনা প্রধান মুনীর আতাউল্লাহ এবং পাকিস্তানি অস্কার মনোনীত সিনেমা ‘দ্য গ্লাসওয়ার্কার’-এর প্রযোজক আবুবকর খান।

