Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জাহ্নবীর ‘চুট্টামাল্লে’ গানের ভিডিও বিকৃতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

জাহ্নবীর ‘চুট্টামাল্লে’ গানের ভিডিও বিকৃতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ‘চুট্টামাল্লে’ গানটি মুক্তির পর ভারতজুড়ে সাড়া ফেলেছিল। গানটিতে জাহ্নবীর নাচ সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরালও হয়। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেই মিউজিক ভিডিও বিকৃত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনটিআর।

প্রযুক্তির অপব্যবহারের এ ঘটনায় জুনিয়র এনটিআরকে সমর্থন জানিয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, এ ধরনের অনৈতিক কাজ ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নের শামিল।

সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বিজয় দেবেরাকোন্ডা ঘটনাটিকে নিম্নরুচির পরিচয় হিসেবে উল্লেখ করেন। কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে অসংবেদনশীলতা বলেও মন্তব্য করেন তিনি।

এআইয়ের মতো উন্নত প্রযুক্তির অপব্যবহারে এর প্রকৃত গুরুত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান বিজয়। কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট করার মতো ঘটনাকে গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মত দেন তিনি। পুরো বিষয়টিকে জঘন্য, অসুস্থ মানসিকতার ও নির্লজ্জ কাজ হিসেবে অভিহিত করেন অভিনেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিকৃত ভিডিওটি না দেখা এবং শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। এআইয়ের অপব্যবহার বন্ধে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আরও কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে। ভিডিওটি ছড়ানোর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও তারকারা সতর্ক করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram