অনলাইন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের গহিরা ও রায়পুর উপকূলের ইলিশ এখন আর শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এখানকার রূপালি ইলিশ। মাছের পাশাপাশি অনলাইনে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ইলিশের ডিমও। অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছে দিচ্ছেন উপকূলের তরুণ উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের দাবি, স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও অনলাইনে প্রচুর অর্ডার আসছে। বিশেষ করে ইলিশের ডিমের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে। গহিরায় বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম পাইকারিতে ২ হাজার ৫০০ টাকা এবং খুচরায় সর্বোচ্চ ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উদ্যোক্তা জি এম মঈন উদ্দীন প্রায় দুই বছর ধরে অনলাইনে ইলিশ বিক্রি করছেন। তাঁর দাবি, চলতি মৌসুমে তিনি দেশের বিভিন্ন স্থানে এক টনের বেশি ইলিশ এবং প্রায় ২০০ কেজি ইলিশের ডিম বিক্রি করেছেন। এ পর্যন্ত প্রায় ৩৫০ জন গ্রাহকের কাছে এসব পণ্য পৌঁছে দিয়েছেন বলেও জানান তিনি।
মঈন উদ্দীন বলেন, গহিরা থেকে সর্বোচ্চ মান নিশ্চিত করে ইলিশ বিক্রি করা হচ্ছে। তাঁর ভাষ্য, প্রতিদিন অনেক মানুষ ইলিশ কেনার জন্য যোগাযোগ করেন এবং মাছের পাশাপাশি ইলিশের ডিমেরও ভালো চাহিদা রয়েছে।
তবে অনলাইনে মাছ পাঠাতে গিয়ে সময় ও খরচ বাড়ছে বলে জানান তিনি। আনোয়ারায় ভালো মানের কুরিয়ার সার্ভিসের অভাব এবং গহিরা এলাকার অনুন্নত যোগাযোগব্যবস্থাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন মঈন।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের বাসিন্দা ইশতিয়াক জানান, ব্যস্ততার কারণে উপকূলে গিয়ে মাছ কেনা সম্ভব না হওয়ায় তিনি অনলাইন পেজের মাধ্যমে ৫ কেজি মাঝারি আকারের ইলিশ ও ১ কেজি ইলিশের ডিম কিনেছেন। রাতে অর্ডার করে পরদিন দুপুরে পণ্য হাতে পেয়েছেন বলে জানান তিনি।
গহিরা চিবাতলী ঘাটে ছোট আকারের চারটি ইলিশে এক কেজি মাছ প্রায় ৮০০ টাকা, মাঝারি আকারের দুটি ইলিশে এক কেজি ১ হাজার ৪০০ টাকা এবং ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ প্রায় ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেড় কেজি ওজনের বড় ইলিশের দাম উঠছে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত।
ঘাটের গদির কারবারি ইমতিয়াজ শাকিল বলেন, জেলেদের কাছ থেকে বেশি দামে মাছ কিনতে হওয়ায় বাজারেও তার প্রভাব পড়ছে।
জ্বালানি ব্যয় ও আহরণে প্রভাব
আনোয়ারা উপজেলা মৎস্য কার্যালয়ের ২০২৬ সালের তথ্য অনুযায়ী, উপজেলায় নিবন্ধিত জেলে ৭ হাজার ৫০৩ জন। এর বাইরে প্রায় ৫ হাজার অনিবন্ধিত জেলেও মাছ ধরার সঙ্গে যুক্ত। মাছ ধরার নৌকা ও ট্রলারের সংখ্যা ৯৭৫। জেলেদের দাবি, ছোট একটি বোটে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লিটার জ্বালানি লাগে। জ্বালানি তেলের দাম বাড়ায় মাছ আহরণের ব্যয়ও বেড়েছে।
রায়পুর ইউনিয়নের বাসিন্দা ও বোট মালিক দিদারুল ইসলাম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ কম পাওয়া যাচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি ও সাগরের উত্তাল পরিস্থিতির কারণে মাছ আহরণে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চট্টগ্রামে ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ১৭ হাজার মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে জেলায় ইলিশ আহরণ হয়েছে ১৫ হাজার ২৫৬ মেট্রিক টন, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫ হাজার ৮৮৪ মেট্রিক টন কম।
আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, গহিরা ও রায়পুর উপকূলে ইলিশ আহরণ স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে মাছ পৌঁছানোর প্রবণতায় জেলে ও উদ্যোক্তাদের নতুন বাজার তৈরি হচ্ছে। তবে দ্রুত ও মানসম্মত কোল্ডচেইন ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

