Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা থাকলেও বান্দরবান বেতারে পরিচ্ছন্নতা অভিযান হয়নি

সরকারি নির্দেশনা থাকলেও বান্দরবান বেতারে পরিচ্ছন্নতা অভিযান হয়নি

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে প্রতি শনিবার নিজ নিজ দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের সরকারি নির্দেশনা থাকলেও বান্দরবান কেন্দ্রীয় বেতারে তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে কেন্দ্রের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকলে মশার প্রজননস্থল তৈরি হয়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বেতার, বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (দৈনন্দিন দায়িত্ব) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বরের এক অফিস আদেশে প্রতি শনিবার সকাল ৯টায় কেন্দ্রের অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার সমন্বয়ে কর্মকর্তা-কর্মচারী ও অনিয়মিত শিল্পীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় সরকার আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি শনিবার নিজ নিজ দপ্তরে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করে তথ্য ও প্রমাণক পাঠানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছে।

তবে নির্ধারিত শনিবার বান্দরবান বেতার কেন্দ্রে ওই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়নি বলে জানা গেছে। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মো. রফিকুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে শনিবার কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। পরের দিন কর্মসূচি পালনের কথা বললেও বাইরের কাউকে দিয়ে তা করা হবে না বলে জানান তিনি। তবে পরের দিন অভিযান পরিচালনার বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি।

সংশ্লিষ্টদের প্রশ্ন, প্রতি শনিবার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কর্মসূচি পালনের নির্দেশনা থাকলে নির্ধারিত দিনে তা না করে পরের দিন পালনের সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত। জনবল সংকটের কারণে নির্ধারিত কর্মসূচি পালন করা না গেলেও পরবর্তী সময়ে কীভাবে তা বাস্তবায়ন হবে, সেটিও স্পষ্ট নয় বলে তারা জানান।

স্থানীয়রা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বেতার কেন্দ্রের আঙিনা, নালা-নর্দমা, ছাদ বা বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা সময়মতো পরিষ্কার না হলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram