অনলাইন ডেস্ক: আগস্ট ও সেপ্টেম্বর, দুই মাসে মমিতা বাইজুর অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি সিনেমাই সফল হয়েছে এবং সেগুলোর মোট আয় ৯০০ কোটি রুপিরও বেশি। এর মধ্যে একটি সিনেমা মালয়ালম চলচ্চিত্রে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।
দক্ষিণ ভারতীয় সিনেমার নতুন জনপ্রিয় মুখ হিসেবে আলোচনায় থাকা মমিতার বয়স ২৫ বছর। সাম্প্রতিক সাফল্যের পাশাপাশি তার ক্যারিয়ারে আরও কয়েকটি সফল সিনেমা রয়েছে।
২৩ জুলাই মুক্তি পাওয়া এইচ বিনোদের তামিল সিনেমা ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয় ও পূজা হেগড়ের সঙ্গে অভিনয় করেছেন মমিতা। মুক্তির আগে সিনেমাটি অনলাইনে ফাঁস হলেও বিশ্বব্যাপী এর আয় ৩২০ কোটি রুপির বেশি হয়েছে বলে জানানো হয়েছে।
১৪ আগস্ট মুক্তি পায় ভেঙ্কি আতলুরির তামিল সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। রোম্যান্টিক-ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমাটিতে সুরিয়ার সঙ্গে মমিতার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ২৫০ কোটি রুপির বেশি।
এর এক সপ্তাহ পর, ২১ আগস্ট মুক্তি পায় গিরিশ এ. ডি. নির্মিত মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। রোম্যান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি প্রায় ৩৩০ কোটি রুপি আয় করেছে। নিভিন পলির সঙ্গে মমিতার অভিনীত সিনেমাটি মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মমিতার জন্ম ২০০১ সালের ২২ জুন কেরালার কোট্টায়াম জেলার কিডাঙ্গুরে। কোচির স্যাক্রেড হার্ট কলেজে সাইকোলজি নিয়ে পড়লেও তৃতীয় বর্ষে গিয়ে পড়াশোনা শেষ করতে পারেননি।
১৫ বছর বয়সে মালয়ালম সিনেমা ‘পাভাদা’য় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। ‘খো খো’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পার্শ্ব চরিত্রের কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড পান।
২০২৪ সালে ‘প্রেমালু’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে মমিতার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। ৯ কোটি রুপি বাজেটের সিনেমাটি ১৩৬ কোটি রুপি আয় করে। একই বছর ‘রেবেল’ দিয়ে তামিল সিনেমায় অভিষেক হয় তার। পরে ‘ড্যুড’ সিনেমাটি ৩০ কোটি রুপি বাজেটের বিপরীতে ১১০ কোটি রুপির বেশি আয় করে।
এ বছরের এপ্রিলে মুক্তি পাওয়া ‘কারা’ ব্যবসায়িকভাবে সফল হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে পরবর্তী সময়ে টানা তিনটি সফল সিনেমার মাধ্যমে মমিতা বাইজু ক্যারিয়ারের সাফল্যের নতুন পর্যায়ে পৌঁছেছেন।

