অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।
জিহাদ চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
জিহাদের বাবা দেলোয়ার হোসেন বলেন, রাতে খাবার খাওয়ার পর তার ছেলে বাড়ি থেকে বের হয়। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন খেতের পাশে তার মরদেহ পাওয়া যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ড্রাগন বাগানে দেওয়া বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

