Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

৯ গোল হজমের পর সোহেল-সাদের নাইটক্লাবের ছবি প্রকাশ্যে, যা বলছেন তারা

৯ গোল হজমের পর সোহেল-সাদের নাইটক্লাবের ছবি প্রকাশ্যে, যা বলছেন তারা

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বড় হারে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। এই হারের পর সমালোচনার মধ্যে ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানাকে নিয়ে নাইট ক্লাবের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবিটি দেখে ফুটবলপ্রেমীদের ধারণা, জাকার্তায় ম্যাচের আগে বা পরে তারা ওই ক্লাবে গিয়েছিলেন।

ঢাকা পোস্টের পক্ষ থেকে জানতে চাইলে ছবিতে থাকা বিষয়টি অস্বীকার করেননি সাদ ও সোহেল। তবে ছবির স্থান ও সময় নিয়ে তারা ভিন্ন দাবি করেছেন। তাদের ভাষ্য, মোহামেডানে সই করার পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই একটি ক্লাবে এলেনার সঙ্গে তাদের পরিচয় হয়। তাদের দাবি, ছবিটি জাকার্তা বা ইন্দোনেশিয়ার নয়।

এলেনা সামাজিক মাধ্যমে লিখেছেন, বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে একটি ক্লাবে তার দেখা হয়েছিল। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও জানান তিনি। তবে সাদ বলেন, নেপালে পরিচয়ের পর জাকার্তায় গিয়ে তিনি এলেনাকে খেলা দেখতে আসতে বলেছিলেন, কিন্তু তিনি আসেননি।

নাইট ক্লাবে যাওয়ার বিষয়ে সোহেল রানা জুনিয়র দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি ভুল হয়েছে এবং ঠিক হয়নি। সাদ উদ্দিন বলেন, পুরো তথ্য না জেনে কোনো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। তার দাবি, ওই সময়ে ক্লাব বা জাতীয় দলের কোনো খেলা কিংবা ক্যাম্প ছিল না এবং তাদের ব্যক্তিগত জীবনও রয়েছে।

এর আগে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার ঘটনায় সাদ উদ্দিন ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। পরে জাতীয় দলে খেলার সুযোগ রাখতে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি শাস্তি ছয় মাসের পরিবর্তে ছয় ম্যাচ করে। নতুন করে ছবিকে কেন্দ্র করে তিনি আবারও শৃঙ্খলার প্রশ্নের মুখে পড়েছেন।

সাদ ও সোহেল দুজনই ছবিটি নেপালের বলে দাবি করেছেন। ইন্দোনেশিয়ায় দলের হোটেল থেকে বের হওয়ার বিষয়ে কড়াকড়ি ছিল বলেও তারা জানান। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। দল-সংশ্লিষ্ট কয়েকজনের মতে, ইন্দোনেশিয়ায় বাংলাদেশের ব্যর্থতার পেছনে শৃঙ্খলাহীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাও কিছুটা দায়ী হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram