Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রোনালদোর বন্ধু জানালেন, বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল

রোনালদোর বন্ধু জানালেন, বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছাড়ার বিষয়টি অনেক প্রশ্নের মুখে পড়েছে। এখন স্প্যানিশ সাংবাদিক ও পর্তুগিজ তারকার কাছের বন্ধু এদু আগুইরে জানালেন, বন্ধ দরজার পেছনে কী ঘটেছিল।

আগুইরের দাবি, নরওয়ের বিপক্ষে রোনালদোর না খেলাটিই একমাত্র সমস্যা ছিল না। প্রায় আধঘণ্টা মাঠে নামার অনুশীলন করেও তাকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা হয়। ২-১ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে না থাকার বিষয়টি রোনালদো মেনে নিলেও, দীর্ঘ সময় অনুশীলনের পর মাঠে নামার সুযোগ না পাওয়ায় তিনি বিচলিত হন।

আগুইরের ভাষ্য অনুযায়ী, পরে রোনালদো পর্তুগাল কোচ জর্জ জেসুস ও পর্তুগিজ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েনকার সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন। সেখানে জেসুস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রোনালদোর কাছে ক্ষমা চান এবং পরের সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করবেন বলে জানান।

তবে আগুইরের দাবি, সংবাদ সম্মেলনে জেসুস দুঃখ প্রকাশ না করে নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। কে খেলবে, সে সিদ্ধান্ত তিনিই নেবেন বলেও জানান তিনি। জেসুস বলেন, তিনি রোনালদোকে নিজের পরিকল্পনা আগেই জানিয়েছেন এবং কোনো খেলোয়াড় বা প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না।

আগুইরের মতে, ব্যক্তিগত বৈঠকে রোনালদোকে যা বলা হয়েছিল এবং পরে জেসুস প্রকাশ্যে যা বলেন, তা থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। তার দাবি, রোনালদোর ক্ষোভের কারণ শুধু ৯০ মিনিট বেঞ্চে থাকা নয়; বরং বিশ্বাস ও কথিত প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টিও এতে যুক্ত ছিল।

জেসুসের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর পর্তুগাল ক্যাম্প ছাড়েন রোনালদো। পরে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, কোচের সংবাদ সম্মেলন ও প্রোয়েনকার সঙ্গে কথা বলার পর তিনি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সময় হলে সিদ্ধান্তের কারণ জানাবেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো বলেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের প্রতি তিনি সব সময় নিবেদিত ছিলেন বলেও জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram