Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বরগুনায় সেপ্টেম্বরে আবারও বেড়েছে ডেঙ্গু রোগী

বরগুনায় সেপ্টেম্বরে আবারও বেড়েছে ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম থাকলেও সেপ্টেম্বর মাসে তা আবার বেড়েছে। জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে গত এক মাসেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৩৬ জন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী চিকিৎসাধীন থাকায় শয্যা সংকট দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক সংকটের মধ্যে রোগীর সংখ্যা আরও বাড়লে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভোগান্তিতে পড়তে হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আক্রান্তদের অধিকাংশ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা হলেও ইউনিয়ন পর্যায়ে মশক নিধনে এখন পর্যন্ত তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। তবে জেলা প্রশাসন জানিয়েছে, প্রতি সপ্তাহে ইউনিয়ন পর্যায়ে একটি করে ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সব উপজেলায় একযোগে এ কার্যক্রম চলছে।

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাসিন্দারা জানান, ঘনবসতিপূর্ণ এসব এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বৃষ্টি হলে ডোবা-নালা ও বিভিন্ন স্থানে পানি জমে থাকে। স্থানীয়দের অভিযোগ, চলতি বছর ইউনিয়নের একটি ওয়ার্ডে একবার মশক নিধন কার্যক্রম হলেও বাকি ওয়ার্ডগুলোতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। ড্রেনেজ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাও নেওয়া হয়নি বলে দাবি তাদের।

লাকুরতলা এলাকার বাসিন্দা মলয় বিশ্বাস বলেন, এলাকায় নিয়মিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। স্থানীয় বাসিন্দা মাওলানা আহমাদ উল্লাহ বলেন, বিভিন্ন স্থানে পানি জমে থাকায় মশার জন্ম হচ্ছে এবং এ এলাকার বাসিন্দারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

গৌরীচন্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, এ বছর যে পরিমাণ ওষুধ পাওয়া গেছে, তা দিয়ে একটি ওয়ার্ডের কার্যক্রমও সম্পূর্ণভাবে চালানো সম্ভব নয়। পর্যাপ্ত ওষুধ পেলে ইউনিয়নের সব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে তিনি জানান।

সিভিল সার্জন অফিসের ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, চলতি বছর বরগুনা জেনারেল হাসপাতালে ৮৮৫, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২১, বেতাগীতে ১০৯, বামনায় ৭৬, তালতলীতে ৯৪ এবং আমতলীতে ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৫ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। চিকিৎসাধীন অবস্থায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ওষুধ, স্যালাইন ও পরীক্ষার কিট পর্যাপ্ত রয়েছে। তবে ৮৩টি চিকিৎসক পদের বিপরীতে হাসপাতালে কর্মরত আছেন ১৬ জন। ফলে চিকিৎসক সংকটের মধ্যে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস জানান, প্রতি শনিবার বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, খাল ও ইউনিয়নের একটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মশক নিধনের ওষুধ প্রয়োগের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram