Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পাকিস্তানের কাছে হারের পর লিটনের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের কাছে হারের পর লিটনের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ শেষে জাপানে বাংলাদেশি প্রবাসীদের মুখ মলিন। অথচ বাংলাদেশের ক্রিকেটার ও কোচদের মাঝে যেন কোনো বিকার নেই। বিশেষ করে অধিনায়ক লিটন দাস মিক্সড জোনে সাংবাদিকদের প্রশ্নে স্বভাবসুলভ বাঁকা সুরে জবাব দিয়েছেন।

নাগোয়ার বৃষ্টির কারণে ক্রিকেট মাঠের উইকেট চারদিন ঢাকা ছিল। উইকেটে ফাটল থাকায় বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলই বেশি স্পিনার নিয়ে মাঠে নামে। তবে স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে দিয়ে মাত্র দুই ওভার বোলিং করায়। প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পরও কেন তাকে আবার বোলিংয়ে আনা হলো—এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আজকে মুস্তাফিজ ৩ উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না।’

পাকিস্তান ১৩ ওভারে পেসার দিয়ে বোলিং করিয়েছে মাত্র তিন ওভার। বিপরীতে বাংলাদেশ সাইফ ও মোসাদ্দেক সৈকতের মতো স্পিনারদের ব্যবহার করেনি। এ বিষয়ে লিটনের বক্তব্য, তার কাছে মুস্তাফিজই সেরা বিকল্প মনে হয়েছে।

মুস্তাফিজের দুই ওভারে ৪১ রান দেওয়াকে ম্যাচ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে লিটন বলেন, মুস্তাফিজ বহু বছর ধরে দলের সেরা বোলার। তবে ক্রিকেটে উত্থান-পতন থাকে এবং সেমিফাইনালের দিনটি তার জন্য উপযোগী ছিল না।

ব্যাট হাতে লিটন তিন বলে দুই রান করেন। নিজের ব্যাটিংয়ের ব্যর্থতার কারণ হিসেবে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবং টসে হারের কথা উল্লেখ করেন। তার ভাষ্য, এতদিন ঘরে বসে থাকার পর সরাসরি অসাধারণ ইনিংস খেলা সহজ নয়।

তবে দলের কোচ এর আগে এমন পরিস্থিতির জন্য প্রস্তুতির কথা বলেছিলেন। ইয়াসির আলী রাব্বিও অনুশীলন না করাকে কারণ হিসেবে উল্লেখ করেননি। একই সময়ে পাকিস্তানও অনুশীলন করতে পারেনি, তবু তারা সাবলীল ব্যাটিং করেছে।

বাংলাদেশ ২০১০ সালে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল। ২০১৪ সালে রৌপ্য এবং ২০২৩ সালে ব্রোঞ্জ জেতে দলটি। এবার পূর্ণ শক্তির দল নিয়ে আসায় অন্তত রৌপ্যের প্রত্যাশা ছিল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ এখন ব্রোঞ্জের লড়াইয়ে। ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ না হওয়াকে লিটন স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram