অনলাইন ডেস্ক: নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুরুর একাদশ কিংবা বদলি তালিকায় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখান থেকেই অস্থিরতার শুরু। পর্তুগাল কোচ জর্জে জেসুসের সঙ্গে এরপর সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনি। কিন্তু ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের অনুশীলন মাঠ ছেড়ে হঠাৎ হোটেলে ফিরে যান এই তারকা ফরোয়ার্ড। এরপর বুধবার রাতে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে রোনালদো বলেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাম্প ছাড়ার কারণ উপযুক্ত সময়ে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পর্তুগাল ও জাতীয় দলের সতীর্থদের শুভকামনা জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
কোচের সঙ্গে বৈঠক
রোনালদো ও কোচ জেসুসকে নিয়ে বৈঠকে বসতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা ডেনমার্কে যান। জেসুস জানান, দেশে পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হওয়ায় রোনালদোর সঙ্গে তাকে বৈঠকে বসতে হয়েছিল। তবে তার দাবি, রোনালদোকে ঘিরে কোনো ইস্যু নেই এবং সমাধান করার মতো কোনো সমস্যাও হয়নি।
জেসুস বলেন, সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে তাদের বৈঠক করা স্বাভাবিক ছিল। তার ভাষ্য অনুযায়ী, তিনজনের কথা বলার প্রয়োজন হয়েছিল, যদিও তিনি এরই মধ্যে রোনালদোর সঙ্গে কথা বলেছিলেন।
একাদশে রাখার পরিকল্পনা ছিল না
বুধবার পর্তুগিজ কোচ জানান, কোপেনহেগেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদোকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই। এর কিছুক্ষণ পরই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন রোনালদো। এর আগে অনুশীলনের সময় স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যান তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জেসুস বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের—এ কথা প্রত্যেক খেলোয়াড় জানেন এবং রোনালদোও কোচের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর কথাও জানান তিনি।
জেসুসের দাবি, সবার জন্য নিয়ম একই। প্রয়োজন হলে রোনালদো খেলবেন, প্রয়োজন না হলে খেলবেন না। আল নাসরে রোনালদোর সঙ্গে প্রায় এক বছর কাজ করা এই কোচ আরও বলেন, বেঞ্চে বসানোর পর অনুশীলন করতে রোনালদো অস্বীকৃতি জানাননি। তার বক্তব্য, সিদ্ধান্ত কোচই নেন এবং কোনো খেলোয়াড় তার হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।
রোনালদো ক্যাম্প ছাড়ার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাকি ২৪ সদস্যকে নিয়ে দলের প্রস্তুতি চলবে। আসন্ন ম্যাচ ও লক্ষ্য অর্জনে পুরো দল মনোযোগী রয়েছে বলেও জানানো হয়েছে।

