অনলাইন ডেস্ক: বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর ভাঙন নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে উপজেলার রহমতপুর ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকায় শুরু হওয়া ভাঙনে কয়েক ঘণ্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে পুরোনো মসজিদ, দুটি বসতভিটা, দুটি দোকান, গাছপালা ও বাবুগঞ্জ খেয়াঘাটের গণশৌচাগারসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন অব্যাহত থাকায় এখন প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার, বরিশাল বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও ঝুঁকিতে রয়েছে।
পশ্চিম ক্ষুদ্রকাঠী গ্রামের শত শত পরিবার নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয়দের ভাষ্য, একাধিকবার ভাঙনের শিকার হয়ে নতুন করে ঘর তুললেও এবার সেসব ঘরও নদীগর্ভে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীর তীরে বড় বড় মাটির খণ্ড ধসে পড়ছে। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে স্থাপনা ও মালামাল সরিয়ে নিচ্ছেন।
একটি পুরোনো মসজিদ গত বছর নদীগর্ভে বিলীন হওয়ার পর নির্মিত নতুন মসজিদটিও ঝুঁকিতে পড়েছে। সেটি রক্ষায় বাঁশের চাটাই ও পাইলিং দিয়ে প্রতিরোধের চেষ্টা চলছে।
ইটভাটা শ্রমিক সরোয়ার হোসেন ও তাঁর স্ত্রী সুমি বেগমের রান্নাঘর ও চুলা নদীগর্ভে চলে গেছে। বসতঘরও ভাঙনের মুখে থাকায় তাঁরা বারান্দা খুলে অন্যের বাড়িতে রেখেছেন। সুমি নদীর পাড়ে নতুন মাটির চুলা তৈরি করছেন। তিনি জানান, পাঁচবার ভাঙনের পর সেখানে ঘর তুলেছিলেন। এখন অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় সন্তানদের নিয়ে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদারের দাবি, পশ্চিম ক্ষুদ্রকাঠী গ্রামের শতাধিক পরিবার একাধিকবার ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছে। তাঁর ভাষ্য, আরও ৪০০ থেকে ৫০০ ফুট ভাঙন হলে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল নদীগর্ভে চলে যেতে পারে।
ভাঙনের কবলে পড়েছে খেয়াঘাটে যাতায়াতের সংযোগ সড়কও। ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের পন্টুন। স্থানীয় ব্যবসায়ী বিপ্লব মিস্ত্রি বলেন, দ্রুত ভাঙন ঠেকানো না গেলে বাবুগঞ্জ বাজারের ব্যবসা-বাণিজ্য ও কয়েকশ মানুষের বসতভিটা ঝুঁকিতে পড়তে পারে।
স্থানীয়দের আশঙ্কা, ভাঙন নিয়ন্ত্রণ করা না গেলে বাবুগঞ্জ বাজার, কয়েকটি মসজিদ, বাবুগঞ্জ থানা এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে পড়তে পারে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীর বাম তীরে ব্যাপক ভাঙন হচ্ছে। ওই অংশের জন্য সমীক্ষা শেষ হয়েছে। সমীক্ষার ভিত্তিতে ৩ হাজার ৬২৬ মিটার এলাকায় সিসি ব্লক দিয়ে স্থায়ী তীর সংরক্ষণের একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। প্রকল্পটি পরিকল্পনা কমিশনের সুপারিশ পেয়েছে এবং একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্থানীয়রা বলছেন, স্থায়ী প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে সময় লাগবে। তাই কাজ শুরুর আগেই জিও ব্যাগ ও বালুভর্তি বস্তাসহ জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

