অনলাইন ডেস্ক: ভ্যাটের আওতা বাড়াতে সরকার চলতি অর্থবছরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলা ও ঋণ নেওয়ার ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন বাধ্যতামূলক করেছে। সংশ্লিষ্টদের মতে, এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এসএমই (সিএমএসএমই) খাতের লাখো উদ্যোক্তা চাপে পড়েছেন।
উদ্যোক্তাদের চাপের পর বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ শর্ত শিথিল বা বাতিলের দাবি জানিয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সেই দাবি নাকচ করেছে।
এনবিআরের বক্তব্য, আইন অনুযায়ী ক্ষুদ্র, মাঝারি ও বড়—সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম প্রযোজ্য। কঠোর যাচাইয়ের মাধ্যমে বিআইএন নিবন্ধন বাড়ানো এবং ভ্যাটের আওতা সম্প্রসারণই এ ব্যবস্থার লক্ষ্য।
অন্যদিকে এবিবির দাবি, ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তবতা বিবেচনা না করে হঠাৎ কঠোর শর্ত আরোপ করলে ঋণপ্রবাহ ব্যাহত হতে পারে। এতে সিএমএসএমই খাতে ঋণের গতি কমে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকগুলোও হিসাব খোলা ও ঋণ বিতরণে সমস্যায় পড়ছে বলে দাবি করেছে সংগঠনটি।
এবিবির তিন দাবি
সিএমএসএমই উদ্যোক্তাদের অনেকের বিআইএন নেই, আবার অনেকের নিবন্ধন প্রক্রিয়া শেষ করতেও সময় লাগছে। এতে নতুন হিসাব খোলা ও ঋণ পাওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে এবিবি। এ বিষয়টি তুলে ধরে সংগঠনটি গত ১৭ আগস্ট এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেয়।
চিঠিতে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খোলা এবং ঋণ বা ক্রেডিট সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিআইএন নিবন্ধনের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাওয়া হয়। একই সঙ্গে অব্যাহতি কার্যকর না হওয়া পর্যন্ত বিআইএন দাখিলের সময়সীমা বাড়ানো এবং এসএমই উদ্যোক্তাদের জন্য বিআইএন আনুষ্ঠানিকীকরণ ধাপে ধাপে করার প্রস্তাব দেওয়া হয়। প্রয়োজনে বিদ্যমান ব্যাংকিং রেকর্ডকে সহায়ক প্রমাণ হিসেবে বিবেচনার কথাও বলা হয়।
আইনি বাধ্যবাধকতার কথা এনবিআরের
এবিবির চিঠির জবাবে ১৭ সেপ্টেম্বর এনবিআর জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৪-এর উপধারা (৩)-এর দফা (ক) ও (খ) অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা এসটিডি হিসাব খোলা, পরিচালনা এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে বিআইএন উপস্থাপন বাধ্যতামূলক। তাই আইনি বাধ্যবাধকতার কারণে এবিবির আবেদন বিবেচনার সুযোগ নেই।
এনবিআর বলেছে, আগে বিআইএন ছাড়া হিসাব খোলা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ভ্যাট নিবন্ধনে উৎসাহিত করতে হবে। নতুন হিসাব খোলার সময় বাধ্যতামূলকভাবে বিআইএন যাচাই করার কথাও জানিয়েছে সংস্থাটি।
চলতি অর্থবছরের বাজেটে ব্যবসার উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়। বাজেট পাসের পর অর্থ বিলে এ বিধান অন্তর্ভুক্ত হয়। নতুন নিয়মে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে কারেন্ট অ্যাকাউন্ট কিংবা শর্ট-টার্ম ডিপোজিট (এসটিডি) হিসাব খোলা বা পরিচালনার সময় বিআইএন প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য।
এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ, বিদ্যুৎ-গ্যাস সংযোগ এবং বিআরটিএতে কোম্পানির নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রেও বিআইএন প্রয়োজন হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে মোট অর্থনৈতিক ইউনিট প্রায় ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান। এসব খাতে ৩ কোটির বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে এবং শিল্প খাতের মোট কর্মসংস্থানে তাদের অংশ প্রায় ৮৫ শতাংশ। জিডিপিতে এ খাতের অবদান বিভিন্ন হিসাবে ২৫ থেকে ৩২ শতাংশের মধ্যে।

