অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে লিটন দাসদের মাঠে নামার কথা থাকলেও ম্যাচ শুরুর সাড়ে তিন ঘণ্টা আগে তা বাতিল হয়। র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের খেলা না হওয়ার বিষয়টি জানিয়েছে। এ কারণে দলকে স্টেডিয়ামেও যেতে হবে না।
এর আগে বৃষ্টির কারণে গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচও পণ্ড হয়েছে। মাঠের অবস্থা বিবেচনায় বাংলাদেশের ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগে বাতিল করা হয়।
সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল নয়টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে নির্ধারিত সময়ের মধ্যে সেমিফাইনাল আয়োজন কঠিন হতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান জয় পাবে। সে ক্ষেত্রে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে বাংলাদেশকে।
বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলও সমস্যায় পড়েছিল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় জ্যোতিরা সরাসরি সেমিফাইনালে উঠেছে।

