অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরে ১৪ বছর আগে নির্মিত সরু একটি স্লুইস গেটের সংযোগ সড়ক আট বছর আগে বন্যার পানির চাপে ভেঙে যায়। এরপর সড়কটি আর পুনর্নির্মাণ করা হয়নি। এতে অন্তত ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ আট বছর ধরে ভোগান্তিতে রয়েছেন।
জানা গেছে, হরিরামপুর ও শিবালয় উপজেলার সংযোগ নদী হিসেবে পরিচিত কান্তাবতী নদীর ওপর ২০১২-১৩ অর্থবছরে বাল্লা ইউনিয়নের ডাকরখালি-হাপানিয়া এলাকায় স্লুইস গেটটি নির্মাণ করা হয়। স্থানীয়দের ভাষ্য, গেটটি সরু হওয়ায় শুরু থেকেই পানি প্রবাহে সমস্যা ছিল। প্রায় আট বছর আগে বন্যার সময় পানির চাপে গ্রামের মাঝের একটি রাস্তা ও একটি বসতবাড়ি ভেঙে যায়। পরে স্লুইস গেটের সংযোগ সড়কে একটি সরু নালা তৈরি করা হলেও পানির চাপ বেড়ে গেটের এক পাশের সড়ক ভেঙে যায়। এতে ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সংযোগ সড়কটি ভেঙে যাওয়ার পর আট বছর পেরিয়ে গেলেও তা পুনর্নির্মাণ করা হয়নি। দাদরুখি, বাসদি, লোহাচালা, শাকরাইল, হাপানিয়া, মহিষাখোলা, সোরাই, গঙ্গাসাগর, গোড়াইল, ধানধারা ও কাচিধারা গ্রামের বাসিন্দারা এতে দুর্ভোগে রয়েছেন। নদীর পাশের বিকল্প সড়কেরও অর্ধেক নদীগর্ভে চলে গেছে। সরু রাস্তা ও সংযোগ সড়কের অভাবে কৃষিপণ্য পরিবহন, কৃষিকাজ এবং রোগী আনা-নেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের।
গ্রামবাসীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে সরু স্লুইস গেট নির্মাণের কারণে সংযোগ সড়কটি ভেঙে গেছে। তাঁদের দাবি, স্লুইস গেট অপসারণ করে কান্তাবতী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের দুর্ভোগ কমবে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, সড়ক ভেঙে যাওয়ায় বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়, কিন্তু সেটি এত সরু যে সাইকেল নিয়েও চলাচল করা কঠিন। কৃষিপণ্য আনা-নেওয়া ও রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
আরেক বাসিন্দা কুদ্দুস আলী বলেন, স্লুইস গেটটি সরু হওয়ায় নৌকা চলাচল ও পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। তাঁর দাবি, এর পরিবর্তে ব্রিজ নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন।
হরিরামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান বলেন, স্লুইস গেটের অ্যাপ্রোচ সড়কের বিষয়ে তাঁরা অবগত আছেন। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

