অনলাইন ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যবহৃত টিনশেড স্থাপনায় ভাঙচুরের ঘটনা ৩৫ কাঠা জমির বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৩৫ কাঠা জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বিরোধ রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই কর্মকর্তার পক্ষের একদল লোক রাতে বিতর্কিত জমিটি দখলে নিতে গেলে সালমান মুক্তাদিরের ব্যবহৃত স্থাপনাসহ সেখানে থাকা কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
তিনি জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিনজনকে আটক করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সালমান মুক্তাদির এখনো এ ঘটনায় মামলা করেননি। আইনি প্রক্রিয়া চলছে এবং শিগগিরই মামলা হতে পারে বলে জানান তিনি।
সালমান মুক্তাদির ফেসবুক লাইভে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে অভিহিত করার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান নিজেই জানিয়েছেন, তাঁর কাছে কেউ চাঁদা দাবি করেনি। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলা হলে তদন্ত করা সম্ভব।
জাসদ কার্যালয়ে অভিযান
নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়ো হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযানে প্রায় ১৫০ থেকে ২০০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে জিজ্ঞাসাবাদ, ফরেনসিক পরীক্ষা ও তথ্য যাচাইয়ের জন্য ২৭ জনকে এখনো হেফাজতে রাখা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
মিরপুরে ওসি প্রত্যাহার
মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতের ওই ঘটনায় কেন্দ্রটির একটি ক্লিনিক ও দীর্ঘদিনের শিশু টিকাদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কার্যালয়ে আলোচনা করতে চাইলে পুলিশের অনুমতির প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট সমাবেশের জন্য অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারেননি। পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কারণ বা দায়িত্বে অবহেলার জন্য বদলি করা হতে পারে; প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

