অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেছেন, ধনী ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির পর এবার বিএনপি গরিব শিশুদের টিকাও লুট করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ দাবি করেন, ওই সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট একটি সংগঠিত অপরাধ। এর সঙ্গে বিএনপির নেতাকর্মী, স্থানীয় প্রশাসন ও পুলিশের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি মাতৃসদন, শিশুদের টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। স্বাধীনতার পর থেকে অলাভজনক প্রতিষ্ঠানটি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের চিকিৎসাসেবায় কাজ করছে। এমন প্রতিষ্ঠানে হামলা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখপাত্রের অভিযোগ, বিএনপির এক সংরক্ষিত নারী আসনের সাবেক এমপির নেতৃত্বে হামলাটি হয়েছে। হামলাকারীরা ওষুধ, ইনজেকশন, চিকিৎসা সরঞ্জাম এবং শিশুদের টিকা নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে এক্সকাভেটর ট্রাকে করে আনার দৃশ্য দেখা গেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর ঠেকাতে ব্যবস্থা নেয়নি; বরং ভাঙচুর শুরুর পর সেখান থেকে চলে যায়।
নিরপেক্ষ তদন্তের দাবি
ইসিবি ও রাড্ডা—দুই ঘটনার জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ। হামলা, লুটপাট ও দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের জমির বর্তমান বাজারমূল্য ৫০ থেকে ১০০ কোটি টাকা হতে পারে। সরকারের কাছে ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন, ক্ষতিপূরণ এবং ভবনটি পুনর্নির্মাণ করে দ্রুত স্বাস্থ্যসেবা চালুর দাবি জানান তিনি।
পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর নেতারা উপস্থিত ছিলেন।

