Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেধায় উত্তীর্ণ প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের নিয়োগপত্র দিতেই হবে: ইসলামী আন্দোলন

মেধায় উত্তীর্ণ প্রাথমিকের শিক্ষক প্রার্থীদের নিয়োগপত্র দিতেই হবে: ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে রাজনৈতিক চিন্তাভাবনার কারণে অনেককে বঞ্চিত করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে তাকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা যেতে পারে। তবে প্রার্থী, তার পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে নিয়োগের বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়।

গাজী আতাউর রহমানের দাবি, প্রার্থী ও তাদের পরিবারের রাজনৈতিক পরিচয় যাচাই করে সরকারি চাকরিতে নিয়োগের চর্চা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও ছিল। মেধার অধিকারকে কেন্দ্র করে গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারের সময়েও রাজনৈতিক চিন্তাভাবনার কারণে মেধাবীদের বঞ্চিত করা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, মেধায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে।

সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের প্রচলিত রীতির সমালোচনা করে তিনি বলেন, এটি ব্রিটিশ আমলের ধারাবাহিকতা। স্বাধীনতার পরও এই চর্চা বন্ধ হয়নি দাবি করে তিনি অভিযোগ করেন, দলীয় সরকারগুলো গোয়েন্দা সংস্থার যাচাইয়ের মাধ্যমে বিরোধী দল ও মতের অনুসারী এবং তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করে। একই প্রক্রিয়ায় নিজেদের লোকদের নিয়োগ নিশ্চিত করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এই যাচাই প্রক্রিয়া জনপ্রশাসনের দলীয়করণে ভূমিকা রাখে বলে দাবি করেন গাজী আতাউর রহমান। বিএনপি সরকারও আগের সরকারগুলোর মতো একই ধারাবাহিকতা অনুসরণ করলে নতুন করে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

বিবৃতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ সব প্রার্থীর নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram