অনলাইন ডেস্ক: পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তরুণ শরিফুল ইসলাম ফকির (২৬)। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মাণাধীন প্রকল্পে কাজ করতে গিয়ে মাটিধসে প্রাণ হারিয়ে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন শরিফুল।
গত ১৪ সেপ্টেম্বর সকালে মালয়েশিয়ার একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করার সময় মাটিধসে চাপা পড়ে নিহত হন তিনি। মৃত্যুর আগের রাতেও পরিবারের সঙ্গে কথা বলেছিলেন শরিফুল। কোরবানির ঈদের ছুটিতে দেশে ফিরে বিয়ে করার কথা জানিয়েছিলেন তিনি। সেই আশায় অপেক্ষা করছিল পরিবার।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। শরিফুলের মা ও পরিবারের সদস্যরা শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
গত ১৬ সেপ্টেম্বর বিভিন্ন মাধ্যমে শরিফুলের মৃত্যুর খবর প্রকাশের পর বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ইসলামের মরদেহবাহী কফিন পৌঁছায়। শনিবার সকালে কফিনবন্দি মরদেহটি টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
পরে ধর্মীয় রীতি অনুযায়ী সকাল ১০টায় জানাজা শেষে শরিফুল ইসলাম ফকিরকে স্থানীয় বর্ণি পূর্বপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।

